দক্ষিণ পূর্ব

আজ ৮১তম জাতিসংঘ দিবস

দক্ষিণপূর্ব ডেস্ক
দক্ষিণপূর্ব ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ ০৪:৫১ সকাল
পঠিত : ২৩
আজ ৮১তম জাতিসংঘ দিবস


আজ ২৪ অক্টোবর, জাতিসংঘ দিবস। ১৯৪৫ সালের এই দিনে জাতিসংঘ সনদ কার্যকর হওয়ার মধ্য দিয়ে বিশ্বসংস্থাটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। বিশ্বে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা এবং বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত সংস্থাটি ৮১ বছরে পদার্পণ করেছে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটানে জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত। সংস্থাটির নামকরণ করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। বর্তমানে জাতিসংঘের সদস্যরাষ্ট্র ১৯৩টি। সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন মহাসচিব। বর্তমানে এ দায়িত্বে রয়েছেন পর্তুগালের আন্তোনিও গুতেরেস।

স্বাধীনতার পর আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে জাতিসংঘের সদস্যপদ লাভের উদ্যোগ নেয় বাংলাদেশ। ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের ১৩৬তম সদস্যরাষ্ট্র হিসেবে অন্তর্ভুক্ত হয় দেশটি। এরপর থেকে বহুপক্ষীয় কূটনীতি, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা এবং উন্নয়ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছে বাংলাদেশ।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রয়েছে ১৫টি সদস্যরাষ্ট্র। এর মধ্যে পাঁচটি স্থায়ী ও ১০টি অস্থায়ী সদস্য। স্থায়ী পাঁচ সদস্যরাষ্ট্র হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন। এসব দেশের ভেটো প্রদানের ক্ষমতা রয়েছে। জাতিসংঘের ছয়টি দাপ্তরিক ভাষা হলো ইংরেজি, ফরাসি, চীনা, রুশ, স্প্যানিশ ও আরবি। তবে সচিবালয়ের কার্যকরী ভাষা ইংরেজি ও ফরাসি।

জাতিসংঘে বাংলাদেশের ভূমিকা

জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ১৯৮৮ সালে ইরান-ইরাক সামরিক পর্যবেক্ষক মিশনে কর্মকর্তা পাঠানোর মধ্য দিয়ে এ কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণ শুরু হয়। এরপর থেকে বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা, বেসামরিক নাগরিকদের সুরক্ষা ও স্থিতিশীলতা ফেরাতে বাংলাদেশি সামরিক ও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করে আসছেন।

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সেনা ও পুলিশ সদস্য পাঠানোর ক্ষেত্রে ২০২৬ সালেও বাংলাদেশ শীর্ষ অবদানকারী দেশগুলোর মধ্যে রয়েছে।

এদিকে, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ২০২৬ সালের ২ জুন সাধারণ পরিষদের নির্বাচনে ৯৯ ভোট পেয়ে তিনি এ পদে নির্বাচিত হন। ৮ সেপ্টেম্বর থেকে এক বছরের জন্য সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি।

এর আগে ১৯৮৬ সালে বাংলাদেশের হুমায়ুন রশিদ চৌধুরী জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেন।

জাতিসংঘ দিবস উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটি আন্তর্জাতিক সহযোগিতা, বিশ্বশান্তি ও মানবাধিকারের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি জাতিসংঘ সনদের মূলনীতিগুলো বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করার সুযোগ তৈরি করে।

এসআই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।