ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা (দক্ষিণ) জেলার সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দিনের একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় সমালোচনা তৈরি হওয়ার পর তার সব সাংগঠনিক পদ স্থগিত করেছে দলটি। একই সঙ্গে ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওর বিষয়ে মাওলানা আব্বাস উদ্দিন দাবি করেছেন, ভিডিওটি ছয়-সাত মাস আগের এবং এতে তার স্ত্রীর সঙ্গে একান্ত মুহূর্তের দৃশ্য রয়েছে। কে বা কারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে, তা তিনি জানেন না বলে জানান।
এবিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম জানান, ঘটনাটি তদন্তে পাঁচ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। তদন্তের ভিত্তিতে দ্রুত সুনির্দিষ্ট সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, আমাদের সংগঠন নীতি ও আদর্শের প্রতি সদা অটল ও অবিচল। সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় বা সাংগঠনিক নীতিমালার বাইরে কেউ কাজ করলে তার বিরুদ্ধে আমরা কঠোর পদক্ষেপ নিতে বদ্ধপরিকর।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।