চট্টগ্রামের আনোয়ারায় অটোরিকশার চালকের আসনের নিচে লুকিয়ে রাখা ২৮ হাজার ৫৩০ পিস ইয়াবা উদ্ধার করেছে এসআরবি-৭। এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৮৫ লাখ ৬০ হাজার টাকা। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত নম্বরবিহীন একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এসআরবি-৭।
সংস্থাটি জানায়, গত ২০ অক্টোবর বেলা ১১টা ২০ মিনিটের দিকে আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপসংলগ্ন সরকারহাট গরুর বাজার এলাকায় মেসার্স পেতান শাহ স্টোর অ্যান্ড সাপ্লায়ার্সের সামনে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কক্সবাজারের চকরিয়া উপজেলার মালুমঘাট এলাকার মো. সাকিব (১৯) ও জাহিদুল ইসলাম (২০)। সাকিব পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক।
এসআরবি-৭-এর ভাষ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কক্সবাজার থেকে ইয়াবার একটি চালান নিয়ে কয়েকজন মাদককারবারি আনোয়ারা হয়ে চট্টগ্রাম নগরীর দিকে যাচ্ছেন। এ তথ্যের ভিত্তিতে সরকারহাট এলাকায় মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি শুরু করা হয়।
একপর্যায়ে সবুজ রঙের নম্বরবিহীন একটি সিএনজিচালিত অটোরিকশা চেকপোস্টে পৌঁছালে চালক ও তাঁর সঙ্গে থাকা আরেক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় অটোরিকশার চালকের আসনের নিচে ইয়াবা রাখা হয়েছে বলে তাঁরা জানান। পরে সেখান থেকে ২৮ হাজার ৫৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা হয় ইয়াবা পরিবহনে ব্যবহৃত অটোরিকশাটি।
এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ জানান, গ্রেপ্তার দুই ব্যক্তি, উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা অটোরিকশা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।