দক্ষিণ পূর্ব

আফগান অধিনায়কের ১১ ওভার বোলিং, অভিযোগ জানাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ ০৫:০৭ সকাল
পঠিত : ২১
আফগান অধিনায়কের ১১ ওভার বোলিং, অভিযোগ জানাল বাংলাদেশ

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজে আম্পায়ারিং নিয়ে অভিযোগ জানিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এ বিষয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে (এসিবি) চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ওমানের মাসকাটে চার ম্যাচের ওয়ানডে সিরিজটি ২-২ ব্যবধানে ড্র করেছে দুই দল। তবে সিরিজের তৃতীয় ম্যাচে আম্পায়ারিংয়ের ত্রুটি নিয়ে প্রশ্ন তুলেছে বাংলাদেশ। ওই ম্যাচে আফগান অধিনায়ক সোহাইল খান ১১ ওভার বোলিং করেছেন বলে অভিযোগ উঠেছে। অথচ ওয়ানডে ক্রিকেটে একজন বোলারের সর্বোচ্চ ১০ ওভার করার নিয়ম রয়েছে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ হান্নান সরকার ক্রিকইনফোকে জানান, আম্পায়ারিংয়ের সিদ্ধান্ত নিয়ে অধিনায়কের প্রতিবেদনে অভিযোগ উল্লেখ করা হয়েছে। পাশাপাশি সোহাইল খানের ১১ ওভার বোলিংয়ের বিষয়টি তুলে ধরে অতিরিক্ত একটি নোটও দেওয়া হয়েছে।

হান্নান বলেন, ম্যাচ চলাকালে অফিসিয়াল স্কোরারের তথ্য দেখার সুযোগ না থাকায় দলের ম্যানেজারের ফোনে ক্রিকইনফোর স্কোরকার্ড দেখে বোলিংয়ের হিসাব রাখছিলেন তাঁরা। দলের নিজস্ব বিশ্লেষকের রেকর্ড অনুযায়ী, সোহাইল খান ১০ ওভার বোলিং শেষ করেছিলেন। বিষয়টি নজরে আসার আগেই তিনি আরেকটি ওভার শুরু করেন। ওভারটি শেষ হওয়ার পরপরই আম্পায়ারদের বিষয়টি জানানো হয়।

বাংলাদেশ দলের অভিযোগ, স্কোরারের ভুলের কারণে এই অসংগতি তৈরি হয়েছে। একজন ক্রিকেটার আম্পায়ারের হাতে নিজের ক্যাপ তুলে দিলেও পরে সেটি ফেরত নিয়ে নেন। তাঁর পরিবর্তে বোলিং করেন আফগান অধিনায়ক সোহাইল খান। কিন্তু স্কোরার বিষয়টি খেয়াল না করায় ওভারটি ভুল করে অন্য ক্রিকেটারের নামে নথিভুক্ত হয়।

হান্নান সরকার জানান, ওই ওভারের ভিডিও ফুটেজ ম্যাচ রেফারির কাছে জমা দিয়েছেন তাঁরা। এ ছাড়া দলের ম্যানেজমেন্ট দুই দফায় ম্যাচ রেফারি ইয়াসির লতিফজাইয়ের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছে।

বিসিবির এক কর্মকর্তা ক্রিকইনফোকে বলেন, দ্বিপক্ষীয় সিরিজে কী ঘটেছে, সে বিষয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে অবহিত করতেই চিঠি দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে আরও সতর্ক থাকার বিষয়েও তাদের জানানো হয়েছে।

এদিকে সিরিজের চতুর্থ ম্যাচের পর এলবিডব্লিউ ও কট বিহাইন্ডের মতো কয়েকটি সিদ্ধান্ত নিয়েও উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। এ নিয়ে দুই দলের কোচিং স্টাফের সদস্যদের মধ্যে তর্কাতর্কি হয়। তবে পরে তাঁরা হাত মিলিয়ে বিষয়টি নিয়ে আলোচনা করেন বলে জানা গেছে।

এসআই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।