দেখে মনে হতে পারে কোনো সামাজিক বৈঠক চলছে। তবে সেখানে কথোপকথনের ভাষা হাতের ইশারা আর অঙ্গভঙ্গি। কেউ প্রার্থী, কেউ ভোটার। মুখে শব্দ নেই, অথচ ইশারা-ইঙ্গিতেই চলছে নির্বাচনী প্রচারণা।
বাংলাদেশ জাতীয় বধির সংস্থার কার্যকরী পরিষদ নির্বাচন সামনে রেখে চট্টগ্রামে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় দেখা গেছে এমন দৃশ্য। আগামী ৩১ অক্টোবর ঢাকায় অনুষ্ঠেয় এ নির্বাচন উপলক্ষে চট্টগ্রামের ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন প্রার্থীরা।
বুধবার (২১ অক্টোবর) রাতে নগরীর কাজীর দেউড়ি এলাকায় চট্টগ্রাম বধির সংঘের অস্থায়ী কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বধির সংঘের সাবেক সেক্রেটারি সৈয়দ আবুল হাসনাত রাজা। স্বাগত বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক সৈয়দ গোলাম মোস্তফা।
মতবিনিময় সভায় প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী প্রতীকের পক্ষে ভোট চান। এ সময় ভোটারদের উদ্দেশে তারা বলেন, সমাজে বধির ব্যক্তিদের অনেক সময় ভিন্নভাবে দেখা হয়। নিজেদের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
নির্বাচনে আম প্রতীক সাধারণ সম্পাদক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিদরাতুল মুনতাহা। সহসভাপতি পদপ্রার্থী মো. সাজ্জাদ হোসেনের প্রতীক জগ। এ ছাড়া বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতাকারী অন্য প্রার্থীরাও ভোটারদের কাছে ভোট চান।
চট্টগ্রাম বধির সংঘ সূত্রে জানা গেছে, তিন বছর পর বাংলাদেশ জাতীয় বধির সংস্থার এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে দেশের ৩৬ জেলার ভোটাররা অংশ নেবেন। নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম বধির সংঘের সদস্যরা বাসযোগে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সংগঠনটির প্রায় ৩০০ সদস্য এবারের নির্বাচনে ভোট দেবেন।
সাইফুল/আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।