জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২২ অক্টোবর পর্যন্ত চট্টগ্রামে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৩৪১ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ১৫৬ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৮৫ জন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ২১ অক্টোবর সকাল ৮টা থেকে ২২ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন করে ৭৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ৩৭ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৪ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ৫ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৩৩ জন ভর্তি হয়েছেন।
মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সেপ্টেম্বরে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ২ হাজার ৪৩০ জন। এ সময়ে মারা যান ১৬ জন। আগস্টে আক্রান্ত হন ১ হাজার ২০২ জন, মৃত্যু হয় ২ জনের। জুলাইয়ে ৫৩৬ জন, জুনে ১২২ জন, মে মাসে ৩৭ জন, এপ্রিলে ২৯ জন, মার্চে ২০ জন, ফেব্রুয়ারিতে ২২ জন এবং জানুয়ারিতে ৬৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হন। ফেব্রুয়ারিতে এ রোগে একজনের মৃত্যু হয়।
চলতি বছরে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ২ হাজার ৯৭৫ জন পুরুষ, ১ হাজার ৮৭৩ জন নারী এবং ১ হাজার ৪৯৩ জন শিশু রয়েছে বলে জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়।
জেলা সিভিল সার্জন ডা. সাজেদুর রহমান জানান, চলতি বছর ডেঙ্গু আক্রান্তদের মধ্যে মহানগর এলাকায় রয়েছেন ৩ হাজার ২৬ জন। উপজেলা পর্যায়ে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৩৬ জন। এ ছাড়া অন্যান্য জেলার ৬৭৯ জন বাসিন্দা চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
তিনি আরও জানান, চলতি বছর ডেঙ্গুতে মারা যাওয়া ৩১ জনের মধ্যে ৬ জন পুরুষ, ১৬ জন নারী ও ৯ জন শিশু।
উপজেলাগুলোর মধ্যে ডেঙ্গু সংক্রমণ সবচেয়ে বেশি সীতাকুণ্ডে। সেখানে এখন পর্যন্ত ৭৯৮ জন আক্রান্ত হয়েছেন।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ৪ হাজার ৮৬৪ জন। তাঁদের মধ্যে মারা যান ২৭ জন। ২০২৪ সালে আক্রান্তের সংখ্যা ছিল ৪ হাজার ৩২৩ জন, মৃত্যু হয় ৪৫ জনের। এর আগে ২০২৩ সালে ১৪ হাজার ৮৭ জন আক্রান্ত হওয়ার বিপরীতে ১০৭ জনের মৃত্যু হয়। আর ২০২২ সালে ৫ হাজার ৪৪৫ জন আক্রান্তের মধ্যে মারা যান ৪১ জন।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।