নগরের বায়েজিদ বোস্তামী থানা-পুলিশের অভিযানে দুই চোর চক্রের সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের থেকে একটি মোটরসাইকেল ও চুরির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রবিউল হাসান ভূঁইয়া (২৫) ও আদনান উদ্দিন (২৮)। শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১টা ১০ মিনিটে নগরের পাঁচলাইশ থানার মমিনবাগ ৪ নম্বর সড়কের নাহার ভবনের নিচতলায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ১৮ অক্টোবর রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে বায়েজিদ বোস্তামী থানার ৭ নম্বর ওয়ার্ডের রৌফাবাদ এলাকার বাগদাদ হোটেলের সামনে মো. জামাল উদ্দিন জিকু (২৭) নামের এক ব্যক্তিকে মারধর ও হত্যার হুমকি দিয়ে তাঁর মোটরসাইকেল নিয়ে যাওয়া হয়। অভিযোগ অনুযায়ী, গাজী সারোয়ার শ্রাবন (৩২) ও তাঁর সঙ্গে থাকা দুই থেকে তিনজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি একটি সাদা প্রাইভেটকারে এসে এ ঘটনা ঘটান। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ২১ অক্টোবর বায়েজিদ বোস্তামী থানায় মামলা হয়।
পুলিশ আরও জানায়, অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ভুক্তভোগীর চুরি যাওয়া সুজুকি জিক্সার এফআই ডিস্ক মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া চুরির কাজে ব্যবহৃত সাদা রঙের একটি প্রাইভেটকারও উদ্ধার করা হয়।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, গ্রেপ্তার দুজনকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
এসআই/দক্ষিণপূর্ব
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।