দক্ষিণ পূর্ব

চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণার পর যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬ ০২:৪১ রাত
পঠিত : ৪
চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণার পর যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ছবি

Degchibarictg

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাড়ি ফেরার পথে জহির ফকির (৪৫) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২১ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার চর কিশোরগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই তিনি হুমকি পেয়ে আসছিলেন বলে দাবি করেছেন তাঁর স্বজনেরা।

নিহত জহির ফকির আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের বাসিন্দা। তিনি ওই ইউনিয়ন যুবদলের সভাপতি এবং আড়াইহাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তাঁর বাবার নাম আব্দুর রহমান।

স্থানীয় সূত্রে জানা গেছে, জহিরের বাড়ি আড়াইহাজারে হলেও কয়েক বছর ধরে তিনি মুন্সীগঞ্জ সদরে ভাড়া বাসায় থাকতেন। সোনারগাঁয়ের চর কিশোরগঞ্জ এলাকায় তাঁর একটি ফার্মেসি রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে ফার্মেসি বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা জহিরকে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে সড়কে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মুন্সীগঞ্জের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহতের ভাগিনা ইসমাইল হোসেনের অভিযোগ, কালাপাহাড়িয়া এলাকার মোবারক হোসেন ও তাঁর লোকজন এ হত্যাকাণ্ডে জড়িত। তিনি বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁর মামা চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। একই পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন মোবারক হোসেনও। এ নিয়ে বিরোধের জেরে মোবারক শুরু থেকেই তাঁর মামাকে হুমকি দিয়ে আসছিলেন। তাঁর দাবি, পরিকল্পিতভাবে জহিরকে হত্যা করা হয়েছে।

আড়াইহাজার উপজেলা যুবদলের সদস্যসচিব খোরশেদ আলম বলেন, জহির তাঁদের দলের একজন ত্যাগী নেতা ছিলেন। রাতে ১৫ থেকে ২০ জনের একটি দল তাঁকে হত্যা করেছে বলে জানা গেছে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।

আর 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।