চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দেড় কেজি স্বর্ণালংকারসহ মো. শরীফ (৩০) নামে এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর গোয়েন্দা সংস্থা ও কাস্টমস কর্তৃপক্ষ। উদ্ধার করা ১ হাজার ৪৮২ গ্রাম স্বর্ণালংকারের বিপরীতে শুল্ক-করসহ রাজস্বের পরিমাণ প্রায় ২ কোটি ৮৪ লাখ ৭০ হাজার টাকা।
রোববার (২৫ অক্টোবর) সকাল ১১টা ৫০ মিনিটে সৌদি আরবের জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আটক শরীফ নোয়াখালীর সেনবাগ উপজেলার বাসিন্দা। তিনি ‘মানিক ট্রাভেলস অ্যান্ড ট্যুরস হজ কাফেলা’র মুয়াল্লিম বলে জানা গেছে।
বিমানবন্দর সূত্র জানায়, জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট ইএ-১৩৬ চট্টগ্রামে অবতরণের পর এরাইভাল হলের ১ নম্বর ব্যাগেজ বেল্ট এলাকায় শরীফের গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে গোয়েন্দা সংস্থার সদস্যরা তাঁকে নজরদারিতে রাখেন।
একপর্যায়ে বিমানবন্দর কাস্টমস, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সমন্বয়ে গঠিত দলের সদস্যরা তাঁর হ্যান্ডব্যাগ ও পরিহিত পোশাকে তল্লাশি চালান। এ সময় চুড়ি আকৃতির ১ হাজার ৪৮২ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
বিমানবন্দর সূত্র আরও জানায়, উদ্ধার করা স্বর্ণালংকারের পরিমাণ ও ওজন নিশ্চিত করার পর সেগুলো আনুষ্ঠানিকভাবে বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।
অবৈধভাবে স্বর্ণ পরিবহনের অভিযোগে শরীফের বিরুদ্ধে শুল্ক আইনে চোরাচালানের মামলা করা হয়েছে। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের গণসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।