পুলিশের দাবি, হামলার সময় দেশীয় অস্ত্র হাতে সবার আগে ডিডিএন কার্যালয়ে প্রবেশ করেন রাজু। এরপর তিনি কার্যালয়ের কাচের দরজা, আসবাবপত্র ও বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করেন।
গ্রেপ্তার রাজু ভোলা জেলার চরফ্যাশন থানার আসলামপুর ফরাজী বাড়ির আলমগীর ফরাজীর ছেলে। তিনি চট্টগ্রামের চান্দগাঁও থানার টেকবাজার এলাকার পুলসংলগ্ন রিয়াদ কলোনিতে বসবাস করেন।
পুলিশ জানায়, গত ১১ জুলাই ডিডিএনের স্বত্বাধিকারী আদিল বিন মামুনকে হোয়াটসঅ্যাপে ফোন করে দুই কোটি টাকা এককালীন এবং প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ১৩ জুলাই দুপুরে ৩০ থেকে ৪০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে প্রতিষ্ঠানটির কার্যালয়ে হামলা চালায়।
নগরের চন্দনপুরা এলাকার মরিয়ম হাইটস ভবনের তৃতীয় তলায় ডিডিএনের কার্যালয় অবস্থিত। হামলাকারীরা সেখানে ঢুকে আসবাবপত্র, কাচের দরজা ও বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় ১৩ জুলাই চকবাজার থানায় মামলা করা হয়।
চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) মো. মনোয়ার হোসেন বলেন, মামলার তদন্তের অংশ হিসেবে কার্যালয়ের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে রাজ্জাক ওরফে চিকনা রাজুকে শনাক্ত করা হয়। পরে বৃহস্পতিবার রাতে চান্দগাঁওয়ের টেকবাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, ফুটেজে দেখা গেছে, রাজু দেশীয় অস্ত্র হাতে সবার আগে কার্যালয়ে প্রবেশ করেন। এরপর কাচের দরজা ও আসবাবপত্র ভাঙচুর করেন। পরে অন্যদের সঙ্গে নিয়ে কার্যালয়ের বিভিন্ন সরঞ্জামেও হামলা চালান। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের বিষয়ে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।