ডেঙ্গু প্রতিরোধ ও আক্রান্ত রোগীদের শনাক্তকরণ কার্যক্রম জোরদার করতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু শনাক্তকরণ কিট হস্তান্তর করেছে জেলা প্রশাসন।
শনিবার (২৪ অক্টোবর) আনোয়ারা উপজেলা পরিষদে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম প্রসঙ্গে জেলা প্রশাসক জানান, প্রধানমন্ত্রীর তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচি এবং জেলা প্রশাসনের ‘নান্দনিক চট্টগ্রাম’ উদ্যোগের আওতায় গত ২৭ জুলাই থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে। প্রতি শনিবার জেলার বিভিন্ন এলাকায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী, গত ১০ মাসে আনোয়ারায় ১৩৮ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে জুলাইয়ে ১৩ জন, আগস্টে ২২ জন, সেপ্টেম্বরে ৫৮ জন এবং ২৪ অক্টোবর পর্যন্ত ৩১ জন আক্রান্ত হয়েছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনোয়ারার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
অনুষ্ঠান শেষে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা বের করা হয়। পরে আনোয়ারা থানার ভেতরে অবস্থিত পুকুরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, ডেঙ্গু প্রতিরোধে মাঠকর্মী ও প্রতিটি কমিউনিটি ক্লিনিককে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তাঁরা সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু বিষয়ে সচেতনতা বাড়াতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।