নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য সম্পর্ক নিয়ে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছে। প্রায় দুই সপ্তাহ ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে আলোচনা চললেও এখন পর্যন্ত এ বিষয়ে প্রকাশ্যে কোনো বক্তব্য দেননি এই দম্পতি।
ফারুকী ও তিশার সংসারে দূরত্ব তৈরি হয়েছে—এমন দাবি করে বিভিন্ন সংবাদমাধ্যমেও খবর প্রকাশিত হয়েছে। এমনকি তাদের একমাত্র কন্যাসন্তানকে নিয়ে তিশা আলাদা থাকছেন বলেও কিছু সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে। তবে এসব তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
গুঞ্জনের মধ্যেও দুজনই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। সম্প্রতি তিশা একটি ওয়েব ফিল্ম প্রযোজনা করেছেন। অন্যদিকে, চলচ্চিত্র নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন ফারুকী।
দীর্ঘদিন ধরে চলা এ আলোচনা নিয়ে ফারুকী ও তিশার নীরবতা সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এ বিষয়ে জানতে তিশার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো সাড়া পাওয়া যায়নি।
কাজের সূত্র ধরে ফারুকী ও তিশার পরিচয়। পরে বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাঁদের মধ্যে। পাঁচ বছর প্রেমের পর ২০১০ সালের ১৬ জুলাই বিয়ে করেন তাঁরা। ২০২২ সালে এই দম্পতির ঘরে আসে কন্যাসন্তান।
তবে বিচ্ছেদের বিষয়ে ফারুকী বা তিশার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য না আসায় বিষয়টি এখনো গুঞ্জন পর্যায়েই রয়েছে।
এসআই
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।