দক্ষিণ পূর্ব

বিএনপিকে ৩১ দফার পথে থাকার আহ্বান জামায়াত নেতা শাহজাহানের

দক্ষিণপূর্ব ডেস্ক
দক্ষিণপূর্ব ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ ০১:৩৭ দুপুর
পঠিত : ৪
বিএনপিকে ৩১ দফার পথে থাকার আহ্বান জামায়াত নেতা শাহজাহানের

স্বৈরাচারী মনোভাব পরিহার করে বিএনপিকে তাদের ঘোষিত ৩১ দফা কর্মসূচি অনুসরণ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান।

শনিবার (২৪ অক্টোবর) চট্টগ্রাম নগরের দেওয়ানবাজারে জামায়াতের কার্যালয় বিআইএ মিলনায়তনে মহানগর জামায়াতের বিশেষ রুকন (সদস্য) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মুহাম্মদ শাহজাহান বলেন, “স্বৈরাচারের পথে না হেঁটে অন্তত আপনাদের ৩১ দফার পথেই থাকুন।”

তিনি বলেন, গণতন্ত্র, জনগণের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হলে রাজনৈতিক দলগুলোকে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। জনগণের প্রত্যাশা উপেক্ষা করে কর্তৃত্ববাদী মনোভাব নিয়ে দেশ পরিচালনার চেষ্টা কোনোভাবেই কাম্য নয়। রাজনৈতিক অঙ্গীকার ও ঘোষিত কর্মসূচির প্রতি শ্রদ্ধাশীল থেকে দেশ ও জাতির কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

রুকনদের উদ্দেশে জামায়াতের এই নেতা বলেন, তাঁদের মানোন্নয়নে নিয়মিত কোরআন-হাদিস অধ্যয়ন, ইসলামী জ্ঞান অর্জন, ব্যক্তিগত আমল-আখলাকের উন্নয়ন এবং সাংগঠনিক শৃঙ্খলা ও দায়িত্বশীলতার চর্চা বাড়াতে হবে। আদর্শিক দৃঢ়তা, নৈতিক চরিত্র, ধৈর্য, প্রজ্ঞা ও মানুষের প্রতি দায়িত্ববোধের মাধ্যমে একজন রুকনকে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, ব্যক্তিগত ও সাংগঠনিক জীবনে ইসলামের আদর্শের প্রতিফলন ঘটানোর পাশাপাশি মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়াতে হবে। জনকল্যাণমূলক কাজে সক্রিয় ভূমিকা রাখতে হবে। যোগ্য, দক্ষ ও নৈতিকতাসম্পন্ন জনশক্তি গড়ে তোলার মাধ্যমেই সংগঠনের লক্ষ্য অর্জনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।

সম্মেলনে আগামী দুই বছরের জন্য চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির নির্বাচনের লক্ষ্যে ভোট গ্রহণের সুযোগ দেওয়া হয়। মহানগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ডের যেসব রুকন পূর্বনির্ধারিত তারিখে ভোট দিতে পারেননি, তাঁরা এদিন ভোট দেওয়ার সুযোগ পান।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নগর শূরা সদস্য বিশিষ্ট আলেমে দ্বীন ড. অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আবু নোমান ও নগর অফিস সম্পাদক হামেদ হাসান ইলাহী প্রমুখ।

এসআই/


মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।