বিশ্ব ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর জয়ের আশায় আগাম প্রস্তুতি নিচ্ছেন বার্সেলোনার স্প্যানিশ তারকা লামিনে ইয়ামাল। পুরস্কার জিতলে পরিবারের সদস্য, বন্ধু ও ঘনিষ্ঠজনদের নিয়ে লন্ডনে উদ্যাপন করতে চান এই তরুণ ফরোয়ার্ড। এ জন্য ব্যক্তিগত উড়োজাহাজও ভাড়া করেছেন তিনি।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো দিপোর্তিভো’ জানিয়েছে, এবারের ব্যালন ডি’অর জয়ের ব্যাপারে আশাবাদী ইয়ামাল। বিশ্বের সেরা ফুটবলার হিসেবে স্বীকৃতি পেলে উদ্যাপনে খরচের ব্যাপারে কার্পণ্য করতে চান না তিনি।
অন্যদিকে, ‘কাদেনা কোপ’-এর তথ্য অনুযায়ী, আগামী সোমবার (২৬ অক্টোবর) লন্ডনে যাওয়ার জন্য ব্যক্তিগত উড়োজাহাজ ভাড়া করেছেন ইয়ামাল। তাঁর সঙ্গে থাকবেন মা শেইলা এবানা, বাবা মুনির নাসরাউই, সঙ্গী ইনেস গার্সিয়া, পরিবারের সদস্য, বন্ধু ও ঘনিষ্ঠজনেরা। এ ছাড়া তাঁর ব্যবস্থাপনা দলের সদস্যরাও সফরসঙ্গী হবেন।
এবার ৭০তমবারের মতো ব্যালন ডি’অর পুরস্কার দিতে যাচ্ছে ফ্রান্স ফুটবল ম্যাগাজিন। ১৯৫৬ সালে প্রথম ব্যালন ডি’অরজয়ী ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার স্যার স্ট্যানলি ম্যাথিউসের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবার তাঁর দেশেই আয়োজন করা হচ্ছে অনুষ্ঠানটি। এ জন্য ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে লন্ডনকে।
গত তিন বছর ধরে পুরস্কার আয়োজনের ক্ষেত্রে ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের সঙ্গে রয়েছে উয়েফা। আগামী সোমবার লন্ডনের ওয়েস্ট এন্ড এলাকার লন্ডন প্যালাডিয়াম থিয়েটারে স্থানীয় সময় রাত ৯টায় অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা। বাংলাদেশ সময় তখন মঙ্গলবার রাত ১টা।
গত বছরও ব্যালন ডি’অর জয়ের আশায় প্যারিসে উদ্যাপনের আগাম পরিকল্পনা করেছিলেন ইয়ামাল। তবে শেষ পর্যন্ত পুরস্কার জেতেন উসমান দেম্বেলে। ফলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের রাতেই ফিরতে হয়েছিল ইয়ামালকে। অবশ্য সেবার সেরা অনূর্ধ্ব-২১ ফুটবলারের পুরস্কার কোপা ট্রফি জিতেছিলেন তিনি।
সর্বশেষ মৌসুমে বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের হয়ে দুর্দান্ত সময় কাটিয়েছেন ইয়ামাল। বার্সেলোনার হয়ে লা লিগা ও সুপারকোপা জয়ের পাশাপাশি স্পেনের হয়ে বিশ্বকাপ জিতেছেন তিনি। বার্সার জার্সিতে ৪৫ ম্যাচে ২৪ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে ১৮টি গোল করিয়েছেন এই ফরোয়ার্ড। বিশ্বকাপেও করেছেন একটি গোল ও একটি অ্যাসিস্ট।
তবে সাম্প্রতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এবারের ব্যালন ডি’অর জয়ের দৌড়ে ইয়ামালের চেয়ে ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইনকে এগিয়ে রাখা হচ্ছে। শেষ পর্যন্ত মর্যাদাপূর্ণ এই পুরস্কার কার হাতে ওঠে, তা জানতে অপেক্ষা করতে হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান পর্যন্ত।
এসআই
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।