চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভাণ্ডারে গাউছিয়া হক মঞ্জিলের শান্তিকুঞ্জ ভবনে সংরক্ষিত শাহানশাহ হযরত মাওলানা শাহ সুফী সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর ব্যবহৃত গাড়িসহ পবিত্র তাবাররুকাতের প্রদর্শনী কক্ষ পরিদর্শন করেছেন ফটিকছড়ির সংসদ সদস্য ও বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সরোয়ার আলমগীর।
শুক্রবার (২৩ অক্টোবর) রাতে গাউছিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত সৈয়দ হাসান মাইজভান্ডারী তাঁকে প্রদর্শনী কক্ষটি ঘুরিয়ে দেখান। এ সময় সংসদ সদস্য মহান অলির স্মৃতিবিজড়িত বিভিন্ন নিদর্শন, পবিত্র তাবাররুকাত এবং ইসলামের বিভিন্ন নিদর্শনসংবলিত আলোকচিত্র পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে সরোয়ার আলমগীর বলেন, “মাইজভাণ্ডার দরবার শরিফ আমাদের দেশের ধর্মীয় ঐতিহ্য ও আধ্যাত্মিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ স্থান। শাহানশাহ হযরত মাওলানা শাহ সুফী সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর স্মৃতিবিজড়িত নিদর্শনগুলো সংরক্ষণ ও প্রদর্শনের মাধ্যমে নতুন প্রজন্ম তাঁর জীবন ও কর্ম সম্পর্কে জানার সুযোগ পাচ্ছে। এ ধরনের ঐতিহাসিক ও ধর্মীয় নিদর্শন সংরক্ষণে সবাইকে সচেতন ও আন্তরিক হতে হবে।”
পরিদর্শনকালে তিনি প্রদর্শনী কক্ষে সংরক্ষিত খাতায় স্বাক্ষর করেন। এ সময় ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মো. ইব্রাহিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
গাউছিয়া হক মঞ্জিলে সংরক্ষিত এসব স্মৃতিচিহ্ন ও নিদর্শন দর্শনার্থীদের কাছে ধর্মীয় ঐতিহ্য ও আধ্যাত্মিক ইতিহাসের গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে বিবেচিত।
এসআই/
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।