চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের (সিডিএফএ) মেয়র অনূর্ধ্ব-১৩ একাডেমি কাপ ফুটবলের শিরোপা জিতেছে রামপুর ফুটবল একাডেমি।
শুক্রবার বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আকুবদন্ডী ফুটবল একাডেমিকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দলটি।
উত্তেজনাপূর্ণ ফাইনালে রামপুরের হয়ে গোল করেন অংকুর দাশ, মাহাফুজুর রহমান মাহি ও নুরুল হুদা তানভীর। আকুবদন্ডী ফুটবল একাডেমির পক্ষে একমাত্র গোলটি করেন আব্বাস উদ্দিন মিনহাজ। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন রামপুরের অংকুর দাশ।
খেলা শেষে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
সিডিএফএ সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিডিএফএর সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন আগামীতে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দেন। পাশাপাশি একাডেমি কাপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে যথাক্রমে ৩০ হাজার ও ২০ হাজার টাকা প্রাইজমানি দেওয়ার ঘোষণা দেন তিনি।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যসচিব হাজী মোহাম্মদ সালাহ উদ্দিন, সিডিএফএর সহসভাপতি নজরুল ইসলাম লেদু ও মোহাং শাহাজাহান, সিজেকেএস ক্লাব সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম, সহসভাপতি আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ আবদুল হান্নান আকবর, বাফুফে প্রতিনিধি মাহাবুবুর রহমান পলোসহ ক্রীড়া সংগঠক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষপর্বে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।