দক্ষিণ পূর্ব

সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনার পর পুলিশের ওপর হামলার মামলায় গ্রেপ্তার ৪

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ ১২:২২ দুপুর
পঠিত : ৩৭
সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনার পর পুলিশের ওপর হামলার মামলায় গ্রেপ্তার ৪

ছবি

চট্টগ্রামের সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় বাবা ও তাঁর দুই বছর বয়সী মেয়ের মৃত্যুর পর মহাসড়কে সহিংসতার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুর্ঘটনার পর একটি বাসে আগুন দেওয়া, পুলিশের গাড়ি ভাঙচুর, সদস্যদের ওপর হামলা এবং অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) রাতে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের মীরনগর ও রসুলাবাদ এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন মো. হাসিবুল ইসলাম (২২), মোহাম্মদ হোসাইন (৩০), লিয়াকত সিকদার (২৪) ও মো. আজাহার সিকদার (১৯)। তাঁদের বাড়ি ওই ইউনিয়নের ৩ ও ৭ নম্বর ওয়ার্ডের রসুলাবাদ ও মীরনগর এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (২৪ অক্টোবর) সকালে সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহিদ বাদী হয়ে মামলাটি করেন। এতে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারা ছাড়াও নাশকতা, পুলিশের কাজে বাধা এবং সরকারি সম্পদের ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়েছে। দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকেও পৃথক মামলা করার প্রক্রিয়া চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কালিয়াইশ ইউনিয়নের নয়াখালের উত্তর পাশে ডিবিএম ইটভাটা এলাকায় মিনিবাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী দেলোয়ার হোসেন (৩২) ও তাঁর দুই বছর বয়সী মেয়ে ওয়াসিফা মারা যায়। এ ঘটনায় একই পরিবারের আরও চারজন আহত হন।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ লোকজন বাসটিতে আগুন ধরিয়ে দেন। পরে তাঁরা মহাসড়ক অবরোধ করলে দুই ঘণ্টার মতো যান চলাচল বন্ধ থাকে। সড়কের উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার এলাকায় যানজট ছড়িয়ে পড়ে। এতে দুর্ভোগে পড়েন বিভিন্ন গন্তব্যের হাজারো যাত্রী।

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যাওয়া হাইওয়ে পুলিশের সদস্যরা বাধার মুখে পড়েন। পরে সাতকানিয়া থানা পুলিশের এসআই জাহেদের নেতৃত্বে একটি টহল দল সেখানে পৌঁছালে তাঁদের গাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ রয়েছে। এ সময় পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টার পাশাপাশি আগুন নেভাতে যাওয়া ফায়ার সার্ভিসের কর্মীদের কাজে বাধা দেওয়ার অভিযোগও ওঠে। ঘটনায় এক পুলিশ সদস্য আহত হন।

পরে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকীর নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর মহাসড়কে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

টহল দলের দায়িত্বে থাকা এসআই জাহেদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধারের জন্য তাঁরা ঘটনাস্থলের দিকে যাচ্ছিলেন। পথে দুর্বৃত্তরা তাঁদের ওপর হামলা চালায় এবং পুলিশের গাড়ি ভাঙচুর করে।

এদিকে, মহাসড়কে নিষিদ্ধ সিএনজিচালিত অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণে দোহাজারী হাইওয়ে থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, এ ক্ষেত্রে টোকেন বাণিজ্য চলছে। তবে অভিযোগটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আলীম বলেন, পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও নাশকতার অভিযোগে করা মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার বিকেলে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। বাবা-মেয়ের মৃত্যুর ঘটনায় পৃথক মামলা করার প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত থাকলে তাঁদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।