হেমন্তে বাজারে আসতে শুরু করেছে শীতের আগাম সবজি। তবে বাজারে সবজির সরবরাহ কিছুটা বাড়লেও দাম নিয়ে স্বস্তি নেই ক্রেতাদের। শিম, টমেটো, গাজর, বেগুন ও শসার মতো কয়েকটি সবজি কিনতে গুনতে হচ্ছে কেজিপ্রতি ১০০ টাকার বেশি। অন্যদিকে, সরবরাহ বাড়ায় বেশ কিছু সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে।
শনিবার (২৪ অক্টোবর) সকালে চট্টগ্রাম নগরের কাজিরদেউড়ি বাজার ও অক্সিজেন কাঁচাবাজারসহ বিভিন্ন বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে।
বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকায়। শিমের কেজি ১২০ থেকে ১৪০ টাকা, গাজর ১৪০ টাকা, গোল বেগুন ১০০ থেকে ১২০ টাকা এবং দেশি শসা ১০০ থেকে ১১০ টাকা। ফলে এসব সবজি কিনতে ক্রেতাদের বাড়তি টাকা খরচ করতে হচ্ছে।
অন্যদিকে, বাজারে প্রতি কেজি করলা ৮০ টাকা, কাঁকরোল ৭০ থেকে ৮০ টাকা, ধুন্দল ৮০ টাকা, পটল ৬০ টাকা, ঢ্যাঁড়স ৬০ টাকা ও চিচিঙ্গা ৬০ টাকায় বিক্রি হচ্ছে। হাইব্রিড শসার কেজি ৭০ থেকে ৮০ টাকা। এ ছাড়া কচুর মুখি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে।
বিক্রেতারা বলছেন, শীতের আগাম সবজি বাজারে আসতে শুরু করায় সরবরাহ বাড়ছে। এতে কিছু সবজির দাম কমেছে। তবে মৌসুমের শুরুতে নতুন সবজির সরবরাহ তুলনামূলক কম থাকায় সেগুলোর দাম বেশি।
কাঁচাবাজারের সবজি বিক্রেতা পারভেজ বলেন, মৌসুমের শুরুতে নতুন সবজির দাম সাধারণত বেশি থাকে। এ সময় বাজারে সরবরাহও তুলনামূলক কম থাকে। তবে নতুন সবজির সরবরাহ বাড়লে ধীরে ধীরে দাম কমে আসতে পারে।
অক্সিজেন কাঁচাবাজারের বিক্রেতা ইকবাল হোসেন বলেন, সরবরাহ বাড়ায় সবজির দাম কিছুটা কমেছে। এতে ক্রেতার সংখ্যাও বেড়েছে। আগে বেশির ভাগ সবজি পাইকারি বাজার থেকে বেশি দামে কিনতে হতো। ফলে খুচরা বাজারেও বেশি দামে বিক্রি করতে হয়েছে। এখন শীতের আগাম সবজি আসতে শুরু করায় অনেক সবজির দাম ৭০ থেকে ৮০ টাকার মধ্যে নেমে এসেছে।
তবে কিছু সবজির দাম ১০০ টাকার ওপরে থাকায় বাজার করতে গিয়ে বাড়তি খরচের মুখে পড়ছেন ক্রেতারা। অক্সিজেন কাঁচাবাজারে সবজি কিনতে আসা সোহেল রানা বলেন, শীতকালীন সবজি বাজারে আসতে শুরু করায় দাম আগের তুলনায় কিছুটা কমেছে। তবে এখনো কিছু সবজি কিনতে ১০০ টাকার বেশি খরচ করতে হচ্ছে। টমেটো দৈনন্দিন রান্নার প্রয়োজনীয় উপকরণ। কিন্তু দাম বেশি হওয়ায় শসা ও গাজরের মতো সবজিও প্রয়োজন অনুযায়ী কেনা যাচ্ছে না।
একই বাজারের ক্রেতা জরিনা বেগম বলেন, সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা কমলেও নিম্নআয়ের পরিবারের জন্য তা যথেষ্ট নয়। শিম কিনতে এখনো ১২০ থেকে ১৪০ টাকা দিতে হচ্ছে। টমেটোর কেজি ১৫০ টাকা। এ ছাড়া শসা ও গাজরের দামও ১০০ টাকার বেশি হওয়ায় কেনা কঠিন হয়ে পড়েছে। তাই তুলনামূলক কম দামের সবজি কিনেই খরচ সামলাতে হচ্ছে।
ক্রেতাদের প্রত্যাশা, শীতের সবজির সরবরাহ আরও বাড়লে দাম কমবে। এতে সীমিত আয়ের মানুষের জন্য নিত্যদিনের বাজার করা কিছুটা সহজ হবে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।