সৌদি আরবের বিমানবন্দর এলাকায় হামলার পর সৃষ্ট নিরাপত্তাঝুঁকির কারণে ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে নিয়মিত ফ্লাইট চলাচল আগামী ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
রোববার (২৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সময় অনুযায়ী আগামী ৪ নভেম্বর পর্যন্ত এ দুই রুটে বিমানের কোনো নিয়মিত ফ্লাইট চলবে না। তবে সৌদিগামী যাত্রীদের ভোগান্তি কমাতে ঢাকা-জেদ্দা ও ঢাকা-মদিনা রুটে ফ্লাইট পরিচালনা অব্যাহত থাকবে।
যাত্রীদের চাহিদা বিবেচনায় গত ১৬ অক্টোবর থেকে ঢাকা-জেদ্দা রুটে প্রতিদিন দুটি করে নিয়মিত ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। এ কার্যক্রম আগামী ৪ নভেম্বর পর্যন্ত চলবে। পাশাপাশি ঢাকা-মদিনা রুটেও বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজের মাধ্যমে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
দাম্মাম ও রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত থাকায় এসব রুটের যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায় পরিবর্তন আনতে হচ্ছে। বিশেষ করে সৌদি আরবে কর্মরত প্রবাসী বাংলাদেশি ও দেশটিতে যাতায়াতকারী যাত্রীরা এ পরিস্থিতিতে ভোগান্তিতে পড়েছেন।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে স্থগিত ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও নতুন সময়সূচি যাত্রীদের জানানো হবে। টিকিট পরিবর্তন ও ভ্রমণসংক্রান্ত হালনাগাদ তথ্যের জন্য যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিকটস্থ বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে।
সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ। একই সঙ্গে যাত্রীদের বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার আগে সংশ্লিষ্ট ফ্লাইটের সর্বশেষ সময়সূচি ও অবস্থা নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এসআই/
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।