নিজস্ব প্রতিবেদক:
বর্ণিল আয়োজনে উদ্বোধন হলো চট্টগ্রামের সর্ববৃহৎ বেসরকারি বৃত্তি প্রকল্প "অংকুর বৃত্তি প্রকল্প'২৫ " এর অনলাইন ও অফলাইন রেজিষ্ট্রেশন কার্যক্রম।
আজ শুক্রবার (১২ জুলাই) সকাল দশটায় নগরীর জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে অংকুর বৃত্তি প্রকল্প'২৫ এর উদ্বোধন করা হয়৷ প্রকল্পের সদস্য সচিব সালাউদ্দিন আকাশের সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে নগরীর সরকারি ও বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের উৎসবমুখর উপস্থিতিতে অনুষ্ঠান শুরু হয়।
'অংকুর বৃত্তি প্রকল্প' চট্টগ্রাম উত্তর জোনের আহ্বায়ক মুমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অংকুর বৃত্তি প্রকল্পের চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ নুরুন্নবী।
রেজিষ্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধনের পর, প্রধান অতিথি মেধা ও মননের বিকাশে অংকুরের সৃজনশীল ও সুশৃঙ্খল কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন৷ এসময় তিনি বৃত্তির ধারাবাহিকতা বজায় রাখতে অংকুরের পরিচালকদের প্রতি আহ্বান জানান।
অংকুর বৃত্তি প্রকল্প উত্তর জোনের সদস্য সচিব সালাউদ্দিন আকাশ বলেন, প্রতিবারের মতো এবারও অংকুর বৃত্তি প্রকল্পের বিশেষ আকর্ষণ " Aunkur student of the year-25" বিজয়ীর জন্য থাকছে 'ল্যাপটপ'। তিনি আরো বলেন, আগামীকাল থেকে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, লাইব্রেরি ও অংকুরের প্রতিনিধিদের কাছ থেকে রেজিষ্ট্রেশন ফর্ম সরাসরি সংগ্রহ করা যাবে। পাশাপাশি অনলাইনেও রেজিষ্ট্রেশন করা যাবে অংকুর উত্তর জোনের ওয়েব সাইট http://www.aunkurctgnorth.org এর মাধ্যমে।
অংকুর শিল্পীদের বিভিন্ন পরিবেশনা উপস্থিত শিক্ষার্থীদের মাতিয়ে রাখেন। এতে অংকুরের বিভিন্ন অঞ্চল পরিচালক, জোন পরিচালক ও কার্যনির্বাহী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত অংকুর পরিচালকবৃন্দ প্রতিবারের মতো এবারও সুন্দর ও সুশৃঙ্খলভাবে বৃত্তি প্রকল্প সুসম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অংকুর বৃত্তি প্রকল্পের আহবায়ক মুমিনুল হক সবার প্রতি আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং শিক্ষার্থীদেরকে অংকুরের সকল কার্যক্রমে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহবান জানান।
এম
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।