নিজস্ব প্রতিবেদক
মেধা, নৈতিকতা ও সৃজনশীলতার সমন্বয়ে আগামীর নেতৃত্ব গড়ে তোলার প্রত্যয়ে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘অংকুর বৃত্তি সংবর্ধনা ২০২৬’। উৎসবমুখর ও অনুপ্রেরণাময় পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
সোমবার (১৯ জানুয়ারি) সকাল ৯টায় আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিলনমেলায় রূপ নেয় আয়োজনটি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অংকুর বৃত্তি প্রকল্পের সদস্যসচিব মিজবাহ উদ্দীন। সঞ্চালনায় ছিলেন আজাদ শেখ। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
শুভেচ্ছা বক্তব্য দেন অংকুর শিশু-কিশোর সাহিত্য সাংস্কৃতিক সংসদ, চট্টগ্রাম মহানগর দক্ষিণের আহ্বায়ক রাকিবুল ইসলাম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর, গবেষণা ও প্রকাশনা দপ্তরের পরিচালক এবং ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ। তিনি শিক্ষার্থীদের সফলতার কৌশল তুলে ধরার পাশাপাশি দেশ ও জাতি গঠনে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
অংকুর শিশু-কিশোর সাহিত্য সাংস্কৃতিক সংসদ, চট্টগ্রাম মহানগর দক্ষিণের প্রধান উপদেষ্টা মাইমুনুল ইসলাম মামুন বলেন, নৈতিকতা ও চরিত্রবোধ ছাড়া শিক্ষা এবং বাহ্যিক সফলতার কোনো মূল্য নেই। শিক্ষার্থীদের নৈতিক মানুষ হিসেবে গড়ে ওঠার ওপর তিনি গুরুত্ব দেন।
কেন্দ্রীয় উপদেষ্টা ও শিশু সংগঠক নোমান হোসেন নয়ন শিক্ষার্থীদের ডিভাইস আসক্তি থেকে দূরে থেকে উদ্ভাবনী ও সৃজনশীল কাজে মনোনিবেশ করার আহ্বান জানান।
অংকুর বৃত্তি প্রকল্পের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ নুরুন্নবী বলেন, শিক্ষার্থীদের মেধা ও মননের সঠিক ব্যবহার নিশ্চিত করে নিজেদের দক্ষতা বিকাশে উদ্যোগী হতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের প্রভাষক ড. আ ম ম মাসরুর হোসাইন। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রস্তুতি ও লক্ষ্য নির্ধারণে দিকনির্দেশনা দেন। আরও বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি ইব্রাহীম হোসেন রনি। তিনি কৃতি শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের আরও যত্নবান হওয়ার পরামর্শ দেন।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ‘অংকুর স্টুডেন্ট অব দ্য ইয়ার ২০২৬’ পুরস্কার প্রদান। এ বছর এ সম্মাননা পান বাংলাদেশ নৌবাহিনী উচ্চ বিদ্যালয়, চট্টগ্রামের শিক্ষার্থী মো. হাসিবুল হাসান রাফসান।
সাংস্কৃতিক পরিবেশনায় সমৃদ্ধ পুরো আয়োজন শেষে শিক্ষার্থী ও অভিভাবকেরা শিশু-কিশোরদের মেধা, মনন ও নৈতিকতা বিকাশে অংকুরের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা জানান।
রহা
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।