বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের লামা উপজেলা থেকে এবার ৮ জন তামাক চাষের শ্রমিককে অপহরণ করেছে সন্ত্রাসীরা। অপহরণের খবর পাওয়ার পরপরই যৌথবাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।
মঙ্গলবার (৮ এপ্রিল) ভোর রাতে উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি লেমুপালং এলাকার তামাক চাষি আল আমিন ও ভুট্টোর খামার বাড়ী থেকে তাদেরকে অপহরণ করা হয়।
অপহরণের স্থান দূর্গম ও মোবাইল নেটওয়ার্কবিহীন হওয়ায় তাৎক্ষণিকভাবে অপহৃত তামাক শ্রমিকদের নাম পরিচয় পাওয়া যায়নি। এর আগে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে তিন ধাপে ৪০ জন স্থানীয় শ্রমিককে অপহরণের ঘটনা ঘটেছে। যারা মুক্তিপণের বিনিময়ে ছাড়া পান।
অপহরণের সত্যতা নিশ্চিত করেন লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন। তিনি বলেন, অপহরণের খবর পাওয়ার সাথে সাথে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম উদ্ধার অভিযানে নেমেছেন। মুক্তিপণের দাবিতে এই অপহরণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে লামা উপজেলার সরই ইউপিতে ১৪ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি দুই দফায় ১৪ জন এবং ১৬ ফেব্রুয়ারি ফাসিয়াখালি ইউপি এলাকার ২৬ রাবার বাগানের শ্রমিককে অপহরণ করা হয়।
তাদের জিম্মি করে পরিবারের কাছ থেকে মোটা অংকের মুক্তিপণের বিনিময়ে অপহৃতদের মুক্তি দেয়। একের পর এক অপহরণের কারণে দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসকারীদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ করছে বলে জানান স্থানীয়রা।
ইই
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।