দক্ষিণ পূর্ব

অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে কর্মবিরতি, সাংবাদিকদের ধর্মঘট

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬
পঠিত :
অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে কর্মবিরতি, সাংবাদিকদের  ধর্মঘট

ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার প্রধান রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (এবিসি)-এর কয়েক শত সাংবাদিক ও কর্মী বুধবার ২৪ ঘণ্টার ধর্মঘট পালন করছেন। ভালো বেতন, চাকরির স্থায়িত্ব এবং কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব থেকে সুরক্ষার দাবিতে এই কর্মসূচি পালন করা হচ্ছে।

সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, ধর্মঘটের কারণে এবিসিকে সরাসরি সম্প্রচার বন্ধ রেখে পূর্বে ধারণ করা অনুষ্ঠান প্রচার করতে হয়েছে।

প্রায় দুই হাজার সাংবাদিক ও কর্মীর অংশগ্রহণে এই কর্মসূচি এবিসির জন্য গত প্রায় দুই দশকের মধ্যে সবচেয়ে বড় ধরনের ধর্মঘট হিসেবে দেখা হচ্ছে।

সাংবাদিকদের সংগঠন মিডিয়া, এন্টারটেইনমেন্ট অ্যান্ড আর্টস অ্যালায়েন্স এক বিবৃতিতে জানায়, কর্মীরা ধর্মঘট করতে চান না, বরং তারা স্বাভাবিকভাবে কাজ করতে আগ্রহী। তবে তারা ন্যায্য বেতন, স্থায়ী চাকরি এবং এআই প্রযুক্তির ব্যবহারে সুরক্ষা নিশ্চিত করার দাবি জানিয়েছেন, যাতে সম্পাদনার স্বচ্ছতা ও জনআস্থা বজায় থাকে।

এর আগে চলতি মাসে ইউনিয়নের সদস্যরা একটি বেতন প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তাদের দাবি, প্রস্তাবিত বেতন বৃদ্ধি বর্তমান মূল্যস্ফীতির তুলনায় কম। বিজ্ঞাপন আয়ের পতন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের বিস্তারের কারণে অস্ট্রেলিয়ার গণমাধ্যম খাতে বারবার কর্মী ছাঁটাই হচ্ছে, যা কর্মীদের মধ্যে অনিশ্চয়তা আরও বাড়িয়ে তুলেছে।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।