দক্ষিণ পূর্ব

অস্ত্র মামলায় ফয়সাল করিমের ১০ বছরের কারাদণ্ড

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৯ এপ্রিল ২০২৬
পঠিত :
অস্ত্র মামলায় ফয়সাল করিমের ১০ বছরের কারাদণ্ড

ছবি : সংগৃহীত

রাজধানীর আদাবর থানায় দায়ের করা অস্ত্র আইনের মামলায় ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি হিসেবেও পরিচিত।

 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকার ১৮তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মোহসীন এ রায় ঘোষণা করেন। আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

 

এর আগে গত রোববার মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য দিন ধার্য করেন।

 

মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৭ নভেম্বর আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে অভিযান চালায় র‍্যাব-২। অভিযানের সময় পালানোর চেষ্টা করলে ফয়সালকে আটক করা হয়। পরে তার বাসা তল্লাশি করে চার রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

 

এ ঘটনায় পরদিন র‍্যাবের হাবিলদার মশিউর রহমান আদাবর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন।

 

মামলার অভিযোগে বলা হয়, ফয়সাল করিম এলাকায় চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে চাঁদাবাজি, খুন-জখম এবং জমি দখলসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন এবং এসব অপরাধে অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করতেন।

 

তদন্ত শেষে আদাবর থানার উপ-পরিদর্শক জাহিদ হাসান গত বছরের ২৮ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচার চলাকালে ১৪ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়।

 

উল্লেখ্য, গত বছরের ১৭ নভেম্বর পর্যন্ত ফয়সাল করিম এ মামলায় জামিনে ছিলেন। পরে শরীফ ওসমান হাদি হত্যা মামলার ঘটনার পর থেকে তিনি পলাতক হন। এর মধ্যে গত মাসে তাকে ভারতে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

 

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।