নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে উত্তেজনা ও সংঘর্ষের আশঙ্কা করছে পুলিশ। বিশেষ করে রাজনৈতিক দলের নেতাকর্মী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের সঙ্গে আওয়ামী লীগ-সমর্থকদের সংঘাতের সম্ভাবনার কথা উল্লেখ করে সারা দেশের পুলিশ ইউনিটগুলোকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতির অংশ হিসেবে এ নির্দেশনা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের ডিআইজি (কনফিডেন্সিয়াল) মো. কামরুল আহসানের সই করা এক চিঠিতে দেশের সব মেট্রোপলিটন পুলিশ, রেঞ্জ ও জেলা পুলিশ ইউনিটকে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। বিষয়টি একাধিক জেলা ও মহানগর পুলিশের কর্মকর্তারাও নিশ্চিত করেছেন।
পুলিশের ওই নির্দেশনায় বলা হয়েছে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন জেলায় দলটির নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ব্যানার-ফেস্টুন প্রদর্শন এবং প্রকাশ্যে মিছিল বা সমাবেশের চেষ্টা করতে পারেন। এসব কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষের আশঙ্কা রয়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি এসব কর্মকাণ্ডে বাধা দেয়, তাহলে কিছু ক্ষেত্রে পুলিশের ওপরও ক্ষোভ বা হামলার ঝুঁকি তৈরি হতে পারে। এজন্য স্থানীয় পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ সদর দপ্তরের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে এ সতর্কবার্তা পাঠানো হয়েছে। সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত রাখা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ইতোমধ্যে দেশের বিভিন্ন এলাকায় গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। রাজনৈতিক কর্মসূচি, সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম এবং সম্ভাব্য সংঘাতপ্রবণ স্থানগুলো বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে রাজনৈতিক কর্মসূচি ঘিরে কেউ যাতে আইন নিজের হাতে তুলে নিতে না পারে, সেদিকেও নজর রাখা হচ্ছে।
আগামী ২৩ জুনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে বাড়তি উত্তেজনার আশঙ্কার মধ্যেই পুলিশের এই সতর্কতামূলক নির্দেশনা জারি করা হলো।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।