দক্ষিণ পূর্ব

সীতাকুণ্ড আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ, নিহত ১, আহত ২

mainulislam
প্রকাশ : ২৯ মে ২০২৫
পঠিত :
সীতাকুণ্ড আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ, নিহত ১, আহত ২
নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের সীতাকুণ্ডে বারৈয়াঢালা ইউনিয়নের ছোট দারোগারহাট এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় যুবদলের দুটি গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কলিমুদ্দিন (৩২) নামে এক যুবক খুন হয়েছেন এবং মো. সাদ্দাম, মো. সেলিম নামে ২ জন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। নিহত যুবক কলিমুদ্দিন ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড দক্ষিণ ফেদাইনগর গ্রামের বাসিন্দা মৃত আবু নাছেরের ছেলে।  

বুূধবার (২৮ মে) রাত নয়টায় ছোট দারোগারহাট এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা যায়, গতকাল বুধবার রাত আটটায় উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের ছোট দারোগারহাট বাজারে গরুর বাজার নিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের উপস্থিতিতে একটি বৈঠক ছিল। ওই বৈঠকে বিএনপি নেতা আলাউদ্দিন মাসুম, যুবদল নেতা ইসমাইল হোসেন, যুবদল নেতা আবু সালেকসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর মধ্যে স্থানীয় যুবদল কর্মী আপেলের সাথে যুবদল কর্মী সাখাওয়াতের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সাখাওয়াত আপেলকে মারধর করে৷ এরপর আপেলের সমর্থিত যুবদলের নেতাকর্মীরা হামলার ঘটনার প্রতিবাদ করলে সাখাওয়াতের দলবল তাদের উপর হামলা চালায়। এসময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় সাখাওয়াত ওরফে সাকা কলিমুদ্দিনকে পেটে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে চমেক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এতে আরও ২ জন আহত হয়। এরা হলেন, মো. সাদ্দাম হোসেন (২৮) ও মো. সেলিম (৪২) 

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত যুবদল কর্মী কলিমুদ্দিন জিয়া মঞ্চ উত্তর জেলায় আহ্বায়ক অহিদুল ইসলাম চৌধুরী শরীফের অনুসারী। আর সাখাওয়াত হোসেন সাকা চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেনের অনুসারী।

এ বিষয়ে জানতে চাইলে, অহিদুল ইসলাম শরীফ  বলেন, সাখাওয়াত দীর্ঘ বছর প্রবাসে ছিলেন। সরকার পতনের দেশে ফিরে আসে। বিগত আওয়ামী লীগের আমলে যারা মাদক বাণিজ্যসহ নানা অপকর্মে জড়িত ছিল তারা বর্তমানে সাখাওয়াতের ছত্রছায়ায় এলাকার অন্যতম দর্শনীয় স্থান সহস্রধারা ঝরণাসহ পুরো এলাকাকে মাদকের আখড়ায় পরিণত করেছে। তার নেতৃত্বে ইয়াবার ব্যবসা নিয়ন্ত্রণ হচ্ছে। গতকাল রাত আটটায় গরুর বাজার নিয়ে ছোট দারোগারহাট বাজারে একটি বৈঠক ছিল। সেখানে যুবদল কর্মী আপেল সাখাওয়াতের অপকর্মের প্রতিবাদ করলে তাকে সে মারধর করে। এসময় আপেলের পক্ষে কয়েকজন বিষয়টি নিয়ে প্রতিবাদ করতে রাত নয়টায় সেখানে গেলে সাখাওয়াতের লোকজন দলবল নিয়ে তাদের উপর হামলা করে। একপর্যায়ে সাখাওয়াত হোসেন আপেলকে ছুরিকাঘাত করে। এতে তার মৃত্যু হয়। 

এ বিষয়ে উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি ইসমাঈল হোসেন বলেন, এলাকার বিভিন্ন বিষয় নিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে ছোট দারোগারহাট বাজারে একটি বৈঠক ছিল। সাবেক যুবদল নেতা সেলিমের নেতৃত্বে ১৫-২০ জন ছেলে দেশীয় অস্ত্র ও ককটেল ফাটিয়ে অনেক নেতৃবৃন্দের উপস্থিতিতে আমার পাশে থাকা সাখাওয়াতের উপর হামলা করে। সাখাওয়াত মাদকসহ বিভিন্ন অপকর্মে জড়িত বলে এর আগে আমিও তাকে এসব থেকে সরে আসতে কয়েক দফায় সতর্ক করেছি। 

তবে উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর  তারা কেউই দলের কর্মী নয় বলে দাবি করেছেন। 

নিহত কলিমুদ্দিন বড় ভাই তসলিম উদ্দিন বলেন,  কলিমুদ্দিন দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করে আসছে। সে এলাকায় যেকোন অপকর্মের বিরুদ্ধে সবসময় স্বোচ্চার ছিলো। এজন্য তাকে টার্গেট করে হত্যা করা হয়েছে। 

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, বারৈয়াঢাল ইউনিয়নে বিভিন্ন বিষয়ের বিরোধকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষের ঘটনায় ১ জন নিহত এবং ২ জন আহত হয়েছেন। এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

এম 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।