দক্ষিণ পূর্ব

আধুনিক ভূমি ব্যবস্থাপনায় আন্তর্জাতিক সহযোগিতা চান ভূমিমন্ত্রী

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬
পঠিত : ৫৩
আধুনিক ভূমি ব্যবস্থাপনায় আন্তর্জাতিক সহযোগিতা চান ভূমিমন্ত্রী

ছবি

ভূমি ব্যবস্থার আধুনিকায়ন, ওয়ান-স্টপ সার্ভিস চালু এবং সেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে ইউএনডিপিসহ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সঙ্গে যৌথ অংশীদারত্ব বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

একই সঙ্গে ভূমি ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তিগত সহযোগিতা, প্রশিক্ষণ ও গবেষণায় প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (৩০ আগস্ট) ভূমি মন্ত্রণালয়ে নিজের দপ্তরে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। এ সময় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সাক্ষাতে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনা ও ডিজিটালাইজেশনের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, ভূমিসেবা ডিজিটালাইজেশন বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অর্জন।

ডিজিটাল সেবার ফলে জনগণ আরও সহজে সরকারি সেবা পাচ্ছেন এবং সরকারি কার্যক্রমে স্বচ্ছতা বাড়ছে। পাশাপাশি মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যও অনেকাংশে কমেছে বলে উল্লেখ করেন তিনি।

সাক্ষাতে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেজ বলেন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ত্বরান্বিত করা, দুর্যোগ সহনশীলতা বাড়ানো এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের গতি বাড়াতে বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন তিনি।

তিনি বলেন, উন্নয়ন সহযোগী, সুশীল সমাজ, বেসরকারি খাত ও স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে মানুষের কল্যাণে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক সমাধান তৈরিতে কাজ করতে চান।

বাংলাদেশের উন্নয়নযাত্রায় ইউএনডিপির হয়ে কাজ করার সুযোগ পাওয়াকে গর্বের বিষয় উল্লেখ করে স্টিভেন রড্রিগেজ বলেন, সরকারের পাশাপাশি জনগণ ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে একযোগে কাজ করে বিদ্যমান অর্জনগুলো এগিয়ে নেওয়ার প্রত্যাশা রয়েছে।

সাক্ষাতে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদসহ ইউএনডিপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।