দক্ষিণ পূর্ব

আধুনিক যন্ত্রপাতিতে বদলাবে চসিকের বর্জ্য ব্যবস্থাপনা

মোহাম্মদ রিয়াদ হোসেন
মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ ১১:১৭ দুপুর
পঠিত : ৩৭
আধুনিক যন্ত্রপাতিতে বদলাবে চসিকের বর্জ্য ব্যবস্থাপনা

ছবি

Degchibarictg
চট্টগ্রাম নগরীর বর্জ্য ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও কার্যকর করতে নতুন উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। এ লক্ষ্যে বর্জ্য পরিবহনে ল্যান্ডফিল্ড কমপেক্টর ডাম্প ট্রাক, সড়ক পরিষ্কারে রোড ক্লিনিং গাড়ি এবং নালা পরিষ্কারে বিশেষায়িত গাড়িসহ প্রযুক্তিনির্ভর বিভিন্ন সরঞ্জাম সংযোজনের পরিকল্পনা করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) চসিকের পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এসব কথা জানান সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

মেয়র বলেন, চট্টগ্রামকে পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নের বিকল্প নেই। নগরীর জনসংখ্যা ও বর্জ্যের পরিমাণ বিবেচনায় নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করতে হবে। এ জন্য প্রচলিত ব্যবস্থার পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর যন্ত্রপাতি ও সরঞ্জামের ব্যবহার বাড়ানো প্রয়োজন।

তিনি বলেন, ল্যান্ডফিল্ড কমপেক্টর ডাম্প ট্রাকের মাধ্যমে বর্জ্য পরিবহন আরও কার্যকর করা, রোড ক্লিনিং গাড়ির সাহায্যে সড়ক পরিষ্কার এবং বিশেষায়িত গাড়ির মাধ্যমে নালা পরিষ্কারের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে নগরীর সড়ক, নালা ও জনপরিসর পরিষ্কার রাখার কার্যক্রম আরও গতিশীল হবে।

নাগরিক সেবার মানোন্নয়নে প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে মেয়র বলেন, চসিকের বিভিন্ন সেবা সহজ, দ্রুত ও জবাবদিহিমূলক করতে ডিজিটাল ব্যবস্থাপনার দিকে এগিয়ে যেতে হবে। ইতোমধ্যে ‘আমার চট্টগ্রাম’ অ্যাপ চালু করা হয়েছে। এর মাধ্যমে নাগরিকদের সঙ্গে সিটি কর্পোরেশনের যোগাযোগ বাড়ানো এবং বিভিন্ন সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়েছে।

মেয়র আরও বলেন, পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা শুধু সিটি কর্পোরেশনের একার দায়িত্ব নয়; এ ক্ষেত্রে নগরবাসীর সচেতনতা ও সহযোগিতাও জরুরি। যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলতে হবে। পাশাপাশি পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, বর্জ্য অপসারণে অযথা বিলম্ব পরিহার, নিয়মিত তদারকি এবং মাঠপর্যায়ের কার্যক্রমে সমন্বয় নিশ্চিত করতে হবে। শুধু পরিকল্পনা গ্রহণ করলেই হবে না, এর বাস্তবায়ন এবং সুফল নগরবাসীর কাছে পৌঁছানোও নিশ্চিত করতে হবে।

ডা. শাহাদাত হোসেন বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীল ভূমিকা এবং নগরবাসীর সহযোগিতার সমন্বয়ে চট্টগ্রামে টেকসই ও কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা সম্ভব।

বৈঠকে উপস্থিত ছিলেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন শামীম মোহাম্মদ খান, প্রধান নির্বাহী প্রকৌশলী আনিসুল ইসলামসহ পরিচ্ছন্ন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।