দক্ষিণ পূর্ব

আনোয়ারায় নিষিদ্ধ সংগঠনের মিছিল : ১৩৮ জনের বিরুদ্ধে মামলা

মোহাম্মদ রিয়াদ হোসেন
মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬ ০২:১৬ দুপুর
পঠিত : ৯৪
আনোয়ারায় নিষিদ্ধ সংগঠনের মিছিল : ১৩৮ জনের বিরুদ্ধে মামলা

ভিডিও থেকে সংগৃহীত মিছিলের ছবি

Degchibarictg

আনোয়ারা উপজেলায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অরাজকতা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে এজাহারনামীয় ৭৮ জন এবং অজ্ঞাতনামা আরও ৫০/৬০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) আনোয়ারা থানায় মোহাম্মদ হাসান (৫১) নামের এক ব্যক্তি বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ আগস্ট ভোর সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে আনোয়ারা উপজেলার ৬ নম্বর বারখাইন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শোলকাটা এলাকায় বাঁশখালী-চট্টগ্রাম সড়কের ওপর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন।

এজাহারে উল্লেখ করা হয়, মিছিলে ‘শেখের বেটি আয়তাছে’ লেখা ব্যানার প্রদর্শন করা হয়। মিছিলকারীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেন এবং যানবাহন চলাচলে বাধা দেওয়ার হুমকি দেন বলেও অভিযোগ করা হয়েছে।

মামলায় মিছিলটির নেতৃত্ব দেওয়ার অভিযোগে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. মিজানুর রহমানকে প্রধান আসামি করা হয়েছে। 

বাদী এজাহারে আরও দাবি করেন, মিছিলের খবর পেয়ে তিনি ও তার সহযোগীরা ঘটনাস্থলে গেলে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় অভিযুক্তদের পরিচয় শনাক্ত করে থানায় মামলা দায়ের করা হয়।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, বৃহস্পতিবার মিছিলের ঘটনায় মামলা হয়েছে, এ মামলায় আব্দুর রহিম, সাইমন নামের দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকি আসামিদের গ্রেপ্তারের পুলিশের অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।