দক্ষিণ পূর্ব

আনোয়ারায় প্রতিমালয়ে ভাঙচুরের খবর সঠিক নয়, যা বলছে পুলিশ

দক্ষিণপূর্ব ডেস্ক
দক্ষিণপূর্ব ডেস্ক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬ ০২:০১ দুপুর
সর্বশেষ আপডেট : ৫৩ মিনিট আগে
পঠিত : ৪৩
আনোয়ারায় প্রতিমালয়ে ভাঙচুরের খবর সঠিক নয়, যা বলছে পুলিশ

ছবি

Degchibarictg

চট্টগ্রামের আনোয়ারায় শারদীয় দুর্গাপূজার প্রতিমা নিতে এসে ভ্যানচালকের সঙ্গে কথা-কাটাকাটির জেরে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার জয়কালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় প্রতিমা ভাঙচুর কিংবা শিল্পালয়ে হামলার কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ ও পূজা উদযাপন পরিষদের নেতারা। রাতে উভয় পক্ষের দুজনকে জিজ্ঞাসাবাদের পর বিষয়টি মীমাংসা করা হয়েছে।

সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মাহমুদুল হাসান জানান, বৃহস্পতিবার বিকেলে বারখাইন ইউনিয়ন থেকে কয়েকজন তরুণ দুর্গাপ্রতিমা নিতে আনোয়ারা সদরে আসেন। জয়কালী বাজার স্টেশন মোড়ে সিএনজি স্টেশনে অবস্থান করা এক ভ্যানচালকের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। এর জের ধরে পরে অপু সরকার আকাশ নামের এক তরুণের সঙ্গে শিল্পালয়ের বাইরে আবারও বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতি হয়।

তিনি বলেন, বিষয়টি জানার পর তিনি নিজে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেন। পরে রাতে  দুজনকে আনোয়ারা থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং বিষয়টি মীমাংসা করা হয়। এ ঘটনায় প্রতিমা কিংবা শিল্পালয় ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।

আনোয়ারা উপজেলা পূজা উদযাপন পরিষদের এমপি প্রতিনিধি নির্মল কান্তি শীল বলেন, প্রতিমা ভাঙচুর বা শিল্পালয়ে হামলার মতো কোনো ঘটনা ঘটেনি। দুই ব্যক্তির মধ্যে কথা-কাটাকাটি হয়েছিল, যা রাতে থানায় সমাধান করা হয়েছে। একটি মহল পরিকল্পিতভাবে ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

এর আগে, প্রতিমা নিতে আসা বারখাইন ইউনিয়নের অপু সরকার আকাশ (২২) দাবি করেন, প্রতিমা নিয়ে যাওয়ার সময় সাত্তারহাট সড়কের পদ্মপুকুর পাড় এলাকায় এক ভ্যানচালকের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। পরে তাঁরা প্রতিমালয়ে চলে আসেন। কিছুক্ষণ পর ১০ থেকে ১৫ জনের একটি দল সেখানে এসে তাঁকে মারধর করে বলে অভিযোগ করেন তিনি।

প্রতিমালয়ের কারিগর কাঞ্চন চক্রবর্তীর স্ত্রী মুক্তা চক্রবর্তীও কয়েকজনের এসে আকাশকে মারধরের অভিযোগ করেছিলেন। তবে প্রতিমা ও শিল্পালয় ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছেন পুলিশ ও পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি।

আর / দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।