চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন অনিক দত্ত (২৮) নামে এক যুবক। ধর্মান্তরের পর তিনি নিজের নাম পরিবর্তন করে আবদুল হামিদ রেখেছেন।
আবদুল হামিদ উপজেলার চাতরী ইউনিয়নের কেঁয়াগড় এলাকার নিরঞ্জন ডাক্তারের বাড়ির বাসিন্দা। তাঁর বাবার নাম বিপ্লব দত্ত এবং মায়ের নাম কল্পনা দত্ত।
শনিবার (১৭ অক্টোবর) চট্টগ্রামে হলফনামার মাধ্যমে ধর্মান্তরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন তিনি। হলফনামায় উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে তিনি স্বেচ্ছায় ধর্ম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন। একই দিন স্থানীয় মসজিদের ইমামের মাধ্যমে কালেমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন বলেও হলফনামায় উল্লেখ রয়েছে।
হলফনামায় আবদুল হামিদ জানান, তিনি প্রাপ্তবয়স্ক, সুস্থ বিবেকসম্পন্ন ও স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে সক্ষম একজন বাংলাদেশি নাগরিক। ইসলামের নামাজ, রোজা, হজ ও যাকাতসহ ধর্মীয় বিধিবিধানের প্রতি বিশ্বাস থেকে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি পূর্বের নাম অনিক দত্ত পরিবর্তন করে আবদুল হামিদ নাম গ্রহণ করেছেন। এখন থেকে সরকারি-বেসরকারি নথিপত্রে নতুন নাম ও ধর্মীয় পরিচয় ব্যবহারের কথাও হলফনামায় উল্লেখ করেছেন তিনি।
ধর্মান্তরের বিষয়ে আবদুল হামিদ বলেন, দীর্ঘদিন ধরেই তিনি ইসলামের প্রতি আকৃষ্ট ছিলেন। ইসলাম ধর্মের শান্তি, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ তাঁকে গভীরভাবে প্রভাবিত করেছে। দীর্ঘদিন চিন্তাভাবনার পর স্বেচ্ছায় ও সুস্থ মস্তিষ্কে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। কোনো ধরনের চাপ বা প্ররোচনায় নয়, বরং আত্মিক শান্তির প্রত্যাশা থেকেই ইসলাম গ্রহণ করেছেন বলে জানান তিনি।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।