দক্ষিণ পূর্ব

আনোয়ারায় গোয়ালঘরের দরজা কেটে নিরাপত্তাপ্রহরীর ৩ গরু চুরি

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২৪ জুন ২০২৬
পঠিত :
আনোয়ারায় গোয়ালঘরের দরজা কেটে নিরাপত্তাপ্রহরীর ৩ গরু চুরি

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারায় এক নিরাপত্তাপ্রহরীর গোয়ালঘরের দরজা কেটে তিনটি গরু চুরি করে নিয়ে গেছে একটি চোরচক্র। মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার বারখাইন ইউনিয়নের শিলাইগড়া গ্রামের বক্স আলী ফৌজদার বাড়িতে এ ঘটনা ঘটে। চুরি যাওয়া গবাদিপশুগুলোর আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগী।

 

ঘটনার পর পরিবারের একমাত্র সঞ্চয় ও অতিরিক্ত আয়ের উৎস হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগী মোহাম্মদ হোসেন। তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) আনোয়ারা শাখার একটি এটিএম বুথে নিরাপত্তাপ্রহরী হিসেবে কর্মরত।

 

বুধবার বিকেলে এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে আনোয়ারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বল্প আয়ের চাকরির পাশাপাশি সংসারের আর্থিক সংকট কাটাতে দীর্ঘদিন ধরে স্ত্রীকে সঙ্গে নিয়ে গরু পালন করছিলেন মোহাম্মদ হোসেন। ভবিষ্যতের আশায় লালন-পালন করা তিনটি গরুই ছিল পরিবারের অন্যতম ভরসা। কিন্তু এক রাতের ব্যবধানে সেই সম্বল হারিয়ে চরম বিপাকে পড়েছেন তিনি।

 

অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আড়াইটা থেকে সাড়ে তিনটার মধ্যে কোনো এক সময় চোরচক্র গোয়ালঘরের দরজা কেটে ভেতরে প্রবেশ করে। পরে দুটি গাভী ও একটি ষাঁড় চুরি করে নিয়ে যায়। ভোরে ঘুম থেকে উঠে গোয়ালঘর খালি দেখতে পেয়ে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন।

 

পরে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের সহযোগিতায় আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করা হলেও গরুগুলোর কোনো সন্ধান পাওয়া যায়নি।

 

ভুক্তভোগী মোহাম্মদ হোসেন বলেন, “সামান্য বেতনে সংসার চালানো খুব কঠিন হয়ে পড়েছিল। তাই অবসরের সময় গরু পালন করতাম। স্ত্রীও এ কাজে সহযোগিতা করতেন। চোরেরা আমার শেষ সম্বলটুকুও নিয়ে গেছে। কিছুদিন আগে একটি গরু অসুস্থ হয়ে মারা গেছে। এখন এই তিনটি গরুও হারালাম। আমি মানসিকভাবে ভেঙে পড়েছি।”

 

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, “গবাদিপশু চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। চোরচক্রকে শনাক্ত এবং চুরি হওয়া গরু উদ্ধারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।”

 

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।