দক্ষিণ পূর্ব

আবারও জাতীয় দলে ফিরতে চান জাহানারা

saiful
saiful
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬ ০৫:১২ সকাল
পঠিত : ২৬
আবারও জাতীয় দলে ফিরতে চান জাহানারা
Degchibarictg



আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর আগে আবারও বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে চান নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম। প্রায় দুই বছর আগে জাতীয় দলের জার্সিতে সর্বশেষ খেলেছিলেন এই পেসার। এবার ক্যারিয়ারের শেষ অধ্যায়ে মাঠে থেকেই ক্রিকেটকে বিদায় জানানোর ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, জাতীয় দল থেকে নিজের নেওয়া বিরতি শেষ করে আবারও ক্রিকেটে ফিরতে চান জাহানারা। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগের প্রধান রফিকুল ইসলাম বাবু। এ বিষয়ে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

২০২৪ সালের ডিসেম্বরে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন জাহানারা। এরপর ২০২৫ সালের শুরুর দিকে মানসিকভাবে প্রস্তুত না থাকার কথা জানিয়ে ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের বিরতি নেন তিনি। পরে অস্ট্রেলিয়ায় চলে যান। এরপর থেকে বাংলাদেশের নারী ক্রিকেটের কোনো পর্যায়েই যুক্ত ছিলেন না এই অভিজ্ঞ ক্রিকেটার। ঘরোয়া ক্রিকেটেও অংশ নেননি তিনি।

৩৩ বছর বয়সী জাহানারা সম্প্রতি বিসিবির সঙ্গে যোগাযোগ করে জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেটে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন। তার লক্ষ্য, আবারও দেশের হয়ে খেলে পেশাদার ক্রিকেটকে বিদায় জানানো।

এ বিষয়ে বিসিবি পরিচালক রফিকুল ইসলাম বাবু বলেন, ‘হ্যাঁ, সে (জাহানারা) আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল এবং জোর দিয়ে বলেছিল যে সে ফিরে আসতে চায় ও খেলতে চায়।’

জাহানারা জাতীয় দলে ফিরে খেলেই অবসর নিতে চান উল্লেখ করে বাবু আরও বলেন, ‘সে বলেছে, “আমি জাতীয় দলে খেলে অবসর নিতে চাই, আর সে কারণেই আমি নিজেকে এতটা ফিট রেখেছি।” আমি কোনো ধরনের দলীয় কোন্দলে বিশ্বাসী নই। অনেকের সঙ্গে অনেকের ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে এসব একেবারেই অগ্রহণযোগ্য।’

এর আগে ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের নারী ক্রিকেটে আলোচনার জন্ম দেওয়া কয়েকটি অভিযোগ সামনে আনেন সাবেক অধিনায়ক জাহানারা আলম। এর মধ্যে সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগও ছিল। পরে স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে মঞ্জুরুল ইসলামকে স্থায়ীভাবে নিষিদ্ধ করে বিসিবি।

জাহানারার জাতীয় দলে ফেরার বিষয়ে এখন বিসিবির সিদ্ধান্তের অপেক্ষা। বোর্ডের সিদ্ধান্ত ইতিবাচক হলে দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও দেশের জার্সিতে মাঠে নামার সুযোগ পেতে পারেন অভিজ্ঞ এই পেসার।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।