চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রযুক্তিনির্ভর নাগরিক সেবা প্ল্যাটফর্ম ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালুর মাত্র তিন দিনের মধ্যে ৮০টি নাগরিক সমস্যার সমাধান করা হয়েছে। অভিযোগ দ্রুত গ্রহণ, যাচাই ও নিষ্পত্তির ফলে অ্যাপটি নগরবাসীর মধ্যে ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে বলে জানিয়েছে চসিক।
চসিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যা ৬টা ৪৭ মিনিট পর্যন্ত অ্যাপটির ড্যাশবোর্ডে মোট ৫৩৬টি অভিযোগ ও আবেদন জমা পড়েছে। এর মধ্যে ৮০টি অভিযোগের সমাধান হয়েছে। আরও ৯৪টি অভিযোগ গ্রহণ করে নিষ্পত্তির কাজ চলছে এবং ২৪টি অভিযোগ তদন্তাধীন রয়েছে।
এ ছাড়া যাচাই-বাছাই শেষে ২২টি অভিযোগ ভিত্তিহীন এবং একটি অভিযোগ অগ্রহণযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছে। বাকি অভিযোগগুলোও সংশ্লিষ্ট বিভাগ পর্যায়ক্রমে নিষ্পত্তির প্রক্রিয়ায় রয়েছে।
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালুর পর অল্প সময়ের মধ্যেই নাগরিকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া গেছে। মাত্র তিন দিনে ৮০টি সমস্যার সমাধান হওয়া প্রযুক্তিনির্ভর নাগরিক সেবার কার্যকারিতার প্রমাণ।
তিনি বলেন, “আমরা চাই নাগরিকদের প্রতিটি যৌক্তিক অভিযোগ দ্রুততম সময়ে নিষ্পত্তি হোক। একই সঙ্গে তারা যেন ঘরে বসেই অভিযোগের অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারেন, সে লক্ষ্যেই এই প্ল্যাটফর্ম চালু করা হয়েছে।”
মেয়র আরও জানান, ভবিষ্যতে অ্যাপটিতে হোল্ডিং ট্যাক্স পরিশোধ, ট্রেড লাইসেন্স, বিভিন্ন সনদের জন্য অনলাইন আবেদন, জরুরি সেবা এবং মেয়রের সঙ্গে সরাসরি যোগাযোগের সুবিধাসহ আরও নানা সেবা যুক্ত করা হবে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নগরের বিভিন্ন সমস্যা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত ও দ্রুত সমাধানের ব্যবস্থাও চালুর পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, গত ১৮ জুলাই চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন ‘আমাদের চট্টগ্রাম’ ওয়ান-স্টপ সিটিজেন সার্ভিসের মোবাইল ও ওয়েব অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অ্যাপটির মাধ্যমে নগরবাসী ঘরে বসেই রাস্তা, জলাবদ্ধতা, ড্রেনেজ, বর্জ্য অপসারণ, মশার প্রজননস্থল, সড়কবাতি, পরিচ্ছন্নতাসহ বিভিন্ন নাগরিক সমস্যার ছবি ও জিপিএস লোকেশন সংযুক্ত করে সরাসরি চসিককে জানাতে পারছেন। অভিযোগের অগ্রগতিও তাৎক্ষণিকভাবে অ্যাপের মাধ্যমে অনুসরণ করা যাচ্ছে।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।