চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকায় আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রামহরি বৈষ্ণব (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৫ জুন) দুপুর দেড়টার দিকে নগরের লালদীঘির পাড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত রামহরি বৈষ্ণব হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার কবিরপুর গ্রামের বাসিন্দা। তিনি চট্টগ্রাম নগরের লালদীঘির পাড় এলাকায় একটি খাবারের দোকানে কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক রামহরি দোকানের জানালায় দলের পতাকা টাঙানোর কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে আসেন। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধারের চেষ্টা চালালেও ততক্ষণে তার মৃত্যু ঘটে।
খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পতাকা টাঙানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আর এইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।