দক্ষিণ পূর্ব

ইতিহাসে প্রথমবারের মতো মিস ইউনিভার্সে আরব আমিরাতের মরিয়ম

RAFIQ HYDER
প্রকাশ : ৬ অক্টোবর ২০২৫
পঠিত :
ইতিহাসে প্রথমবারের মতো মিস ইউনিভার্সে আরব আমিরাতের মরিয়ম
বিনোদন ডেস্ক

ইতিহাসে প্রথমবারের মতো ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছেন মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধি মরিয়ম মোহামেদ। ২৬ বছর বয়সী এই তরুণী দেশটির পক্ষ থেকে নভেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য ৭৪তম মিস ইউনিভার্স আসরে অংশ নেবেন।

রবিবার (৫ অক্টোবর) আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল জানিয়েছে, গত শুক্রবার (৩ অক্টোবর) রাতে মরিয়মকে আনুষ্ঠানিকভাবে ‘মিস ইউনিভার্স ইউএই ২০২৫’ হিসেবে ঘোষণা করা হয়।

আগামী ২১ নভেম্বর থাইল্যান্ডের পাক ক্রেত শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের প্রতিযোগিতা, যেখানে বিশ্বের ১৩০টি দেশের প্রতিযোগীরা অংশ নেবেন। প্রতিবছর প্রায় ৫০ কোটি দর্শক এই বিশ্ববিখ্যাত সৌন্দর্য প্রতিযোগিতা উপভোগ করেন।

নির্বাচিত হওয়ার পর মরিয়ম বলেন, এই খেতাব অর্জন আমার জন্য ভাষায় প্রকাশের অতীত এক সম্মান। এটি শুধু আমার নয়, বরং প্রতিটি স্বপ্নবাজ মানুষের প্রতিচ্ছবি, যারা আমিরাতকে নিজের ঘর মনে করে।

তিনি আরও বলেন, সংযুক্ত আরব আমিরাত আমাকে বড় স্বপ্ন দেখার সাহস দিয়েছে। আমি এমন নারীদের কণ্ঠস্বর হতে চাই, যারা উচ্চাকাঙ্ক্ষী, কৌতূহলী এবং আত্মপ্রত্যয়ে ভরপুর। মিস ইউনিভার্স ইউএই শুধু সৌন্দর্যের প্রতিযোগিতা নয়, এটি প্রভাব সৃষ্টির একটি প্ল্যাটফর্ম।

যদিও মরিয়ম প্রথম আমিরাতি নাগরিক নারী, যিনি মিস ইউনিভার্সে অংশ নিচ্ছেন, এর আগে ২০২১ সালে অ্যামিলিয়া ডোব্রেভা সংযুক্ত আরব আমিরাতের হয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। তবে তিনি জন্মসূত্রে আমিরাতি নন, তার জন্ম কসোভোতে। দীর্ঘদিন দুবাইয়ে বসবাসের কারণে তিনি সেই সময় আমিরাতের প্রতিনিধিত্বের সুযোগ পান।

মরিয়ম মোহামেদের অংশগ্রহণের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় প্রবেশ করছে, যা দেশটির নারী ক্ষমতায়ন ও বৈশ্বিক প্রতিনিধিত্বে এক নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।

এসএস

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।