নিজস্ব প্রতিবেদক
৩৭ বছর পর আবারও ইতিহাসের পাতায় লেখা হলো বাংলাদেশের নাম। ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে দুর্ধর্ষ কীর্তি গড়লেন দুই বাংলাদেশী সাঁতারু—বাংলাদেশ নৌবাহিনীর অবসরপ্রাপ্ত নাবিক মাহফিজুর রহমান সাগর এবং বিকেএসপির সাবেক সাঁতারু নাজমুল হক হিমেল।
মঙ্গলবার (২৯ জুলাই) রাত ২টা ৩০ মিনিটে তাঁরা ইংল্যান্ডের ডোভার থেকে সাঁতার শুরু করেন। দীর্ঘ ৩৩.৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তাঁরা সফলভাবে পৌঁছান ফ্রান্সের উপকূলে। পুরো অভিযান সম্পন্ন করতে সময় লাগে ১২ ঘণ্টা ২০ মিনিট।
এই ঐতিহাসিক সাফল্যের পেছনে ছিল মাননীয় নৌবাহিনী প্রধানের দিকনির্দেশনা, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সার্বিক পৃষ্ঠপোষকতা এবং দীর্ঘ আড়াই বছরের কঠোর প্রস্তুতি।
বাংলাদেশের ইতিহাসে এর আগে মাত্র দুজন সাঁতারু এই দুঃসাহসিক চ্যালেঞ্জ জয় করতে পেরেছিলেন। সর্বপ্রথম ১৯৫৮ সালে কিংবদন্তি ব্রজেন দাশ ইংলিশ চ্যানেল জয় করেন, পরে ১৯৮৮ সালে মোশাররফ হোসেন এই কীর্তি গড়েন। ২০২৫ সালে মাহফিজুর রহমান ও নাজমুল হক হিমেল সেই গর্বিত তালিকায় যুক্ত হলেন।
তাঁদের এই অসাধারণ সাফল্যে জাতি আজ গর্বিত। দেশের ক্রীড়াঙ্গনে এটি একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে, যা আগামীর প্রজন্মকে অনুপ্রাণিত করবে সাঁতারসহ অন্যান্য আন্তর্জাতিক ক্রীড়ায় অংশগ্রহণে।
এসএস
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।