দক্ষিণ পূর্ব

ইনানীর রিসোর্টে আগুনে ঢাবি-জবির দুই শিক্ষার্থীসহ একই পরিবারের ছয়জনের মৃত্যু

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬ ১২:৩৩ দুপুর
পঠিত : ৩৩
ইনানীর রিসোর্টে আগুনে ঢাবি-জবির দুই শিক্ষার্থীসহ একই পরিবারের ছয়জনের মৃত্যু

ছবি

Degchibarictg
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দুই শিক্ষার্থীসহ একই পরিবারের ছয়জনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে টুপটুপ নামে একটি রিসোর্টে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত ছয়জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত দুই শিক্ষার্থী হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী নাফিস তেহামী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী লায়লা জাহান নাবিলা (২৭)।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসরাফিল প্রাং সমকালকে নাফিস তেহামীসহ একই পরিবারের ছয়জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অগ্নিকাণ্ডে আরও কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় মোট ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

একই পরিবারের নিহত অন্য সদস্যরা হলেন ইসরাত জাহান মালিহা (৩০), মিলিতা মেহেজাবিন আলভী (২৩), ফারিহা কবির (৩৩) ও ফাইয়াজ আহম্মেদ (৫)।

এ ঘটনায় আহত ছয়জন হলেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শিহাব উদ্দীন (৩১), তাঁর স্ত্রী নাফিসা নেওয়াজ খান (২৯), মান্নান (৩৪), মেহেরুন্নেসা (৩০), মাসুদ (৩০) ও সামিদা (৩২)।

নিহত ব্যক্তিরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবদুল আহাদ সরকারের আত্মীয়। পরিবারের সদস্যদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তিনি।

আবদুল আহাদ সরকার বলেন, ‘আমাদের পরিবারের ছয়জন এ ঘটনায় মারা গেছেন। তাঁদের মধ্যে আমার চারজন মেয়ে কাজিন, একজন ছেলে কাজিন এবং আমার এক মেয়ে কাজিনের ছোট সন্তান ফাইয়াজ রয়েছে। নাফিস ও নাবিলাও আমাদের আত্মীয়। তাঁরা আমার মায়ের ফুফাতো বোনের পরিবারের সদস্য।’

পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সকালে পরিবারের সদস্যদের ঢাকায় ফেরার কথা ছিল। কিন্তু সকালে রিসোর্টে আগুন লাগার সময় তাঁরা ঘুমিয়ে ছিলেন। এ কারণে তাঁরা সময়মতো বের হতে পারেননি।

উখিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার সমকালকে বলেন, ‘এখন পর্যন্ত ১০ জনের মরদেহ পাওয়া গেছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, এর মধ্যে একই পরিবারের ছয়জন সদস্য হতে পারেন। তবে ডিএনএ রিপোর্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’

অগ্নিকাণ্ডে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এক শোকবার্তায় বলেন, এ ধরনের মৃত্যু অত্যন্ত দুঃখের ও বেদনার। এই মর্মান্তিক দুর্ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার শোকাহত।

অন্যদিকে, এক শোকবার্তায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন ও ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন শিক্ষার্থীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।