দক্ষিণ পূর্ব

ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন : পুলিশের হামলায় আহত অর্ধশতাধিক

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১ জুন ২০২৬
পঠিত :
ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন : পুলিশের হামলায় আহত অর্ধশতাধিক

ছবি : সংগৃহীত

ঢাকার মতিঝিলে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান মো. খুরশীদ আলমের নিয়োগ বাতিলের দাবিতে গ্রাহক ও শেয়ারহোল্ডারদের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। আন্দোলনকারীদের অভিযোগ, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ, জলকামান, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে। এতে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

 

সোমবার (১ জুন) সকালে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে ‘ইসলামী ব্যাংক ভুক্তভোগী গ্রাহক সমন্বয় পরিষদ’-এর ব্যানারে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে শত শত গ্রাহক ও শেয়ারহোল্ডার ব্যানার-ফেস্টুন নিয়ে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে জড়ো হন। তারা নতুন চেয়ারম্যানের পদত্যাগ, সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানের পুনর্বহাল এবং ব্যাংকের পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করার দাবিতে স্লোগান দিতে থাকেন।

 

আন্দোলনকারীদের অভিযোগ, সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ কর্মসূচি ছত্রভঙ্গ করতে এগিয়ে গেলে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে লাঠিচার্জ, জলকামান, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়। এতে বহু আন্দোলনকারী আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে, বিশেষ করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

ইসলামী ব্যাংক ভুক্তভোগী গ্রাহক সমন্বয় পরিষদের সভাপতি অধ্যাপক নুর নবী মানিক বলেন, নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের নিয়োগ রাজনৈতিক বিবেচনায় দেওয়া হয়েছে। এর মাধ্যমে ব্যাংকে পুনরায় বিতর্কিত গোষ্ঠীর প্রভাব প্রতিষ্ঠার আশঙ্কা তৈরি হয়েছে। তিনি দাবি করেন, ব্যাংক বর্তমানে তারল্য সংকটে রয়েছে এবং অনেক গ্রাহক টাকা উত্তোলনে ভোগান্তির শিকার হচ্ছেন।

 

তবে পুলিশের পক্ষ থেকে ভিন্ন বক্তব্য দেওয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন বলেন, কয়েকশ আন্দোলনকারী ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে ব্যাংকিং কার্যক্রম ও যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করেন। তাদের বারবার সরে যেতে অনুরোধ করা হলেও তারা পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন।

 

তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আইনানুগ ব্যবস্থা হিসেবে জলকামান, সাউন্ড গ্রেনেডসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। এ ঘটনায় পুলিশের একজন সহকারী কমিশনার (এসি)সহ অন্তত ১০ জন সদস্য আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।

 

উল্লেখ্য, গত ২৪ মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান পদত্যাগ করার পর বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকেই একাংশ গ্রাহক ও শেয়ারহোল্ডারদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

আন্দোলনকারীদের দাবি, দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংকের প্রতি জনগণের আস্থা রক্ষায় বিতর্কিত নিয়োগ পুনর্বিবেচনা করা প্রয়োজন। অন্যদিকে, আইনশৃঙ্খলা বাহিনী বলছে, জনদুর্ভোগ ও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় তারা দায়িত্ব পালন করেছে।ঘটনার পর ইসলামী ব্যাংক টাওয়ার ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।