দক্ষিণ পূর্ব

ঈদ জামাতের জন্য প্রস্তুত জমিয়তুল ফালাহ ময়দান

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২৬ মে ২০২৬
পঠিত :
ঈদ জামাতের জন্য প্রস্তুত জমিয়তুল ফালাহ ময়দান

ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে চট্টগ্রামের কেন্দ্রীয় ঈদ জামাতের প্রধান ভেন্যু জমিয়তুল ফালাহ ঈদগাহ ময়দানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

 

মঙ্গলবার (২৬ মে) জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণ পরিদর্শন শেষে মেয়র বলেন, মুসল্লিরা যেন নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায় করতে পারেন, সে লক্ষ্যেই সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।

 

চসিক সূত্রে জানা যায়, প্রায় ৬৫ হাজার বর্গফুট এলাকাজুড়ে বিশাল প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। নিচে কার্পেটিংয়ের পাশাপাশি সম্ভাব্য বৃষ্টির কথা বিবেচনায় রেখে ওপরে টারপলিনের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে প্রতিকূল আবহাওয়াতেও জামাত নির্বিঘ্নে অনুষ্ঠিত হতে পারে।

 

ময়দানে ১৪০টি সিলিং ফ্যান, ৬০টি স্ট্যান্ড ফ্যান, পর্যাপ্ত আলোকসজ্জা, ৭০টি মাইক এবং নিরাপত্তা নিশ্চিতে ৩০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

 

মেয়র জানান, প্রতিবছরের মতো এবারও প্রায় ২০ থেকে ২৫ হাজার মুসল্লির সমাগম হবে বলে আশা করা হচ্ছে। অতিরিক্ত মুসল্লির চাপ সামাল দিতে দুটি জামাতের সময় নির্ধারণ করা হয়েছে। প্রথম জামাত সকাল ৭টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।

 

বৃষ্টির কারণে মাঠে নামাজ আদায়ে সমস্যা হলে মসজিদের ভেতরেও নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। প্রথম ও প্রধান জামাতে ইমামতি করবেন জমিয়তুল ফালাহ মসজিদের খতিব হযরতুল আল্লামা আলহাজ সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ আহমদুল হক।

 

এছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধানে নগরের আরও নয়টি মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

 

পরিদর্শনকালে মেয়র নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে কোরবানির আত্মত্যাগের শিক্ষাকে ধারণ করে পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

এ সময় চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী আনিসুর রহমানসহ করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।