অনলাইন ডেস্ক
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় সৃষ্টি হওয়া একটি লঘুচাপের কারণে দেশের চারটি সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (১৪ জুলাই) আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এক সতর্কবার্তায় জানানো হয়, লঘুচাপটির প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। ফলে ওইসব এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।
আবহাওয়া অফিস সূত্রে আরও জানা যায়, দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করতে পারে বলে সমুদ্রগামীদের প্রতি সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে।
উপকূলীয় এলাকার বাসিন্দা ও মৎস্যজীবীদের জন্য সতর্কতা অবলম্বন এবং সরকারি নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছে প্রশাসন।
এসএস
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।