চট্টগ্রামের প্রস্তাবিত উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ভৌগোলিকভাবে ন্যায্য ও উপযুক্ত স্থানে স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন চার ইউনিয়নের বাসিন্দারা।
সোমবার (২০ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা মুখে কালো কাপড় বেঁধে প্রতীকী প্রতিবাদ জানান।
আন্দোলনকারীরা বলেন, প্রস্তাবিত উত্তর ফটিকছড়ি উপজেলা ভূজপুর, দাঁতমারা, নারায়ণহাট ও হারুয়ালছড়ি ইউনিয়ন নিয়ে গঠিত। তাই চার ইউনিয়নের ভৌগোলিক মধ্যবর্তী স্থানে উপজেলা সদর দপ্তর স্থাপন করা হলে তা সাধারণ মানুষের জন্য সহজলভ্য, জনবান্ধব ও অধিকতর যৌক্তিক হবে।তাদের অভিযোগ, ভৌগোলিক বাস্তবতা ও স্থানীয় জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা উপেক্ষা করে শুধুমাত্র ভূজপুরে উপজেলা কার্যক্রম শুরু করা হয়েছে।
এতে চার ইউনিয়নের মানুষের ন্যায্য দাবি প্রতিফলিত হয়নি।মানববন্ধন থেকে আন্দোলনকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ভৌগোলিক বাস্তবতা, যোগাযোগ ব্যবস্থা, জনস্বার্থ এবং স্থানীয় জনগণের মতামত বিবেচনায় নিয়ে উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তরের স্থান নির্ধারণের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান।
কর্মসূচিতে অ্যাডভোকেট ইউসুফ আলম মাসুদ, অ্যাডভোকেট সোহেল, অ্যাডভোকেট সাইফুদ্দীন সোহেল, কায়সার হামিদ, অ্যাডভোকেট আরফাত বিন ইদ্রিস, আবু তালেব, অ্যাডভোকেট শাহজাহান সিরাজ, বিএসআরএমের ঊর্ধ্বতন কর্মকর্তা ওসমান গনীসহ উত্তর ফটিকছড়ির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।