দক্ষিণ পূর্ব

উৎসবের বাজারে স্বস্তি ফেরানো উদ্যোগে প্রশংসিত চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২৭ জুন ২০২৬
পঠিত :
উৎসবের বাজারে স্বস্তি ফেরানো উদ্যোগে প্রশংসিত চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে উৎসব এলেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার দীর্ঘদিনের প্রচলিত বাস্তবতায় ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে জেলা প্রশাসন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার উদ্যোগে ‘উৎসবে কমবে দাম, বাড়বে আনন্দ’ স্লোগানে পরিচালিত 'Festive Sale’কর্মসূচির মাধ্যমে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করে সাধারণ মানুষের স্বস্তি ফিরিয়ে আনা হয়। এ উদ্যোগকে কেন্দ্র করে ব্যবসায়ী, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমের সমন্বয়ে গড়ে ওঠা ইতিবাচক সহযোগিতার ভূয়সী প্রশংসা করেছেন সংশ্লিষ্টরা।

 

শনিবার (২৭ জুন) চট্টগ্রাম সার্কিট হাউসে ‘Festive Sale’ কর্মসূচিতে বিশেষ অবদান রাখা ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী, বিভিন্ন সংস্থা ও গণমাধ্যমকর্মীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেন, এটি শুধু একটি সফল কর্মসূচি নয়, বরং জনকল্যাণভিত্তিক নতুন ব্যবসায়িক সংস্কৃতির সূচনা।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

 

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, দেশে সম্ভবত এই প্রথম নিত্যপণ্যের দাম কমানোর জন্য ব্যবসায়ীদের সম্মাননা দেওয়া হলো। তিনি বলেন, এটি একটি নতুন সংস্কৃতির সূচনা। ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকলে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা এই উদ্যোগের পথিকৃৎ হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন।

 

র‍্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, প্রতিটি ভালো উদ্যোগের পেছনে একজন উদ্যোগী মানুষের প্রয়োজন হয়। জেলা প্রশাসক সেই ভূমিকা পালন করেছেন বলেই সবাই মিলে এই সফলতা উদযাপন করতে পারছেন। তিনি এ উদ্যোগ সারা দেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আমিরুল ইসলাম বলেন, জেলা প্রশাসকের নেতৃত্বে প্রশাসন ও ব্যবসায়ীরা জনকল্যাণে একসঙ্গে কাজ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

 

রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার চাউলাউ মারমা বলেন, বাজার শুধু আইন দিয়ে নিয়ন্ত্রণ করা যায় না; ব্যবসায়ীদের সামাজিক দায়বদ্ধতা থাকলেই প্রকৃত পরিবর্তন সম্ভব।

 

ডিজিএফআইয়ের উপ-পরিচালক নরুল হক বলেন, আদার সংকট নিরসনে জেলা প্রশাসনের তাৎক্ষণিক উদ্যোগ ও বিভিন্ন সংস্থার সমন্বয় রাষ্ট্রীয় দায়িত্ববোধের উজ্জ্বল উদাহরণ।

 

চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার ইমরান হোসেন জানান, জেলা প্রশাসনের অনুরোধে দ্রুত ব্যবস্থা নেওয়ায় ৪১টি কনটেইনারের আদা বাজারে ছাড় করা সম্ভব হয়, ফলে বাজারে স্বস্তি ফিরে আসে।

 

কোস্ট গার্ড পূর্ব জোনের কমান্ডার আবু নেছার সালেহ আহমেদ বলেন, নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে কোস্ট গার্ড নিরবচ্ছিন্নভাবে কাজ করেছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগে পাশে থাকবে।

 

চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আবু হায়দার বলেন, ব্যবসায়ীদের ইতিবাচক ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে এই সম্মাননা একটি অনন্য উদ্যোগ।

 

বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জানান, ঈদ উপলক্ষে তাঁরা ৮০টির বেশি নিত্যপ্রয়োজনীয় পণ্যে ৫ থেকে ৪৭ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দিয়েছেন। সাধারণ মানুষের ইতিবাচক সাড়া ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ নিতে তাঁদের উৎসাহিত করবে।

 

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ক্ষমতা বা শক্তি দিয়ে কোনো ব্যবস্থা দীর্ঘদিন টিকিয়ে রাখা যায় না; মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার ভিত্তিতেই স্থায়ী সংস্কৃতি গড়ে ওঠে। তিনি বলেন, ‘Festive Sale’ শুধু মূল্যছাড়ের কর্মসূচি নয়, এটি ব্যবসায়িক নৈতিকতা, সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণের সংস্কৃতি প্রতিষ্ঠার একটি প্রয়াস।

 

তিনি জানান, নারায়ণগঞ্জে কর্মরত থাকাকালে উৎসবকেন্দ্রিক মূল্যছাড়ের ধারণাটি তাঁর মাথায় এলেও বাস্তবায়ন সম্ভব হয়নি। পরে চট্টগ্রামে যোগ দিয়ে ব্যবসায়ীদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের মাধ্যমে ঈদুল আজহাকে সামনে রেখে সেই পরিকল্পনা বাস্তবায়ন করেন।

 

জেলা প্রশাসক বলেন, উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও উৎসবকে মূল্যছাড়ের উৎসবে পরিণত করাই এ উদ্যোগের লক্ষ্য। তিনি আরও বলেন, ঈদের আগে আদার সংকট দেখা দিলে জেলা প্রশাসনের সমন্বয়ে কাস্টমস দ্রুত ব্যবস্থা নেওয়ায় শুধু চট্টগ্রাম নয়, সারা দেশেই আদার দাম কমে আসে।

 

তিনি বলেন, ‘আজকের এই সম্মাননা কোনো পুরস্কার নয়; এটি ভালো কাজের প্রতি কৃতজ্ঞতা, আন্তরিকতা ও স্বীকৃতির প্রতীক।’

 

আর এইচ/ দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।