দক্ষিণপূর্ব ডেস্ক
খেলাপি ঋণ সংক্রান্ত জটিলতায় জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন না কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে ঋণখেলাপির তালিকা থেকে তার নাম বাদ দেওয়ার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার। পরে তিনি জানান, বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত হবেন এবং জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না।
এর আগে ঋণ খেলাপির তালিকায় কুমিল্লা-৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম স্থগিত করেন হাইকোর্ট। বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পরে এই আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ।
এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। জামায়াতে ইসলামীল সঙ্গে আসন নিয়ে সমঝোতা হওয়ার পর দলটি এই আসনে নিজেদের প্রার্থি প্রত্যাহার করেছে, এবং শাপলা কলি প্রতীকের হাসনাত আবদুল্লাহকে সমর্থন জানিয়েছে।
এমএইচএফ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।