দক্ষিণ পূর্ব

একা নির্বাচন করবে এলডিপি

মনির ফয়সাল
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫
পঠিত :
একা নির্বাচন করবে এলডিপি
দক্ষিণপূর্ব ডেস্ক

বিএনপির সঙ্গ ছেড়ে এককভাবে ভোট করার ঘোষণা দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অবসরপ্রাপ্ত) অলি আহমদ বীর বিক্রম। বুধবার (২৪ ডিসেম্বর) জরুরি সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তিনি। দুপুর ১২টায় রাজধানীর মগবাজারের গুলফেশা টাওয়ারে এলডিপির পার্টি অফিসে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে এলডিপির প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি নুরুল আলম তালুকদার, লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) ড. চৌধুরী হাসান সারওয়ার্দী বীর বিক্রম, ড. নিয়ামুল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, অ্যাডভোকেট মাহবুব মোর্শেদসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন কর্নেল অলি অভিযোগ করেছেন, ‘বিএনপি এলডিপিকে অবমূল্যায়ন করেছে। আমরা বিএনপিকে ১৪ জনের একটি শর্টলিস্ট দিয়েছিলাম। কিন্তু তারা সেটিকে গুরুত্ব দেয়নি। আমাদের নেতাকর্মীরা দুই ঘণ্টা অপেক্ষা করলেও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখা করেননি।’

তিনি আরও বলেন, ‘এলডিপিকে বাঁচাতে হলেও বিএনপি অন্তত আমাদের শর্টলিস্টটি বিবেচনায় নিতে পারত। আমরা তো বলিনি, শর্টলিস্টের সবাইকে মনোনয়ন দিতে হবে। কিন্তু কোনো গুরুত্বই দেয়া হয়নি।’

কর্নেল অলি বলেন, দলের অস্তিত্ব রক্ষার্থে এবং সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে এলডিপি এখন ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি গ্রহণ করবে। বিএনপির শীর্ষ নেতাদের কাছে সম্ভাব্য প্রার্থীদের তালিকা পাঠানো হলেও কোনো আনুষ্ঠানিক বৈঠক না হওয়ায় এলডিপি এককভাবে মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছে।

এলডিপির এই সিদ্ধান্তের মধ্যেই দলটির মহাসচিব রেদোয়ান আহমেদ পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তাঁকে বরণ করে নেন এবং কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বিএনপির প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করেন।

মহাসচিবের দলত্যাগ প্রসঙ্গে অলি আহমদ বলেন, ‘তাঁর পদত্যাগপত্র এখনো আমার কাছে আসেনি, তাই এ বিষয়ে আমি নিশ্চিত করে কিছু বলতে পারব না।’

এলডিপির জোট ত্যাগের ফলে বিএনপির হাতে রাখা ২৮টি আসনের সমীকরণে পরিবর্তন আসছে। আজ পর্যন্ত বিএনপি যে ১৪টি আসন শরিকদের ছেড়েছে, সেগুলো হলো: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি: ঢাকা-১২ (সাইফুল হক), নাগরিক ঐক্য: বগুড়া-২ (মাহমুদুর রহমান মান্না), গণ অধিকার পরিষদ: পটুয়াখালী-৩ (নুরুল হক নূর) ও ঝিনাইদহ-৪ (মুহাম্মদ রাশেদ খাঁন), গণসংহতি আন্দোলন: ব্রাহ্মণবাড়িয়া-৬ (জোনায়েদ সাকি), জমিয়তে উলামায়ে ইসলাম: ৪টি আসন (সিলেট-৫, ব্রাহ্মণবাড়িয়া-২, নীলফামারী-১ ও নারায়ণগঞ্জ-৪), ইসলামী ঐক্যজোট: যশোর-৫ (মুফতি রশিদ), এনপিপি: নড়াইল-২ (ফরিদুজ্জামান ফরহাদ), জাতীয় পার্টি (কাজী জাফর) : পিরোজপুর-১ (মোস্তফা জামাল হায়দার), সদ্য বিএনপিতে যোগদানকারী: ঢাকা-১৩ (ববি হাজ্জাজ) ও কুমিল্লা-৭ (ড. রেদোয়ান আহমেদ)।

এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।