দক্ষিণ পূর্ব

এনসিপি ছেড়ে বিএনপিতে যোগ দিলেন মীর আরশাদুল হক

মনির ফয়সাল
প্রকাশ : ৭ জানুয়ারী ২০২৬
পঠিত :
এনসিপি ছেড়ে বিএনপিতে যোগ দিলেন মীর আরশাদুল হক
দক্ষিণপূর্ব ডেস্ক 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন জানিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা মীর আরশাদুল হক বিএনপিতে যোগ দিয়েছেন।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে বিএনপিতে যোগদান করে প্রাথমিক সদস্য হন।

এ সময় আরও ছিলেন বিএনপির কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, বিএনপির কনটেন্ট ক্রিয়েটর ড. সাইমুম পারভেজ ও বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা নিয়ে এনসিপির যাত্রা শুরু হলেও গত ১০ মাসে দলটি সেই প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হয়েছে। দল ও নেতৃত্ব ভুল পথে রয়েছে বলে মনে করেন তিনি। তাই এনসিপির সঙ্গে আর কোনো রাজনৈতিক সম্পর্ক রাখছেন না বলেও জানান।

পোস্টে তিনি আরও লেখেন, ২০২৪ সালের ৫ আগস্ট স্বৈরাচারের পতনের পর নতুন বাংলাদেশের স্বপ্ন দেখলেও বাস্তবে তা পূরণ হয়নি। গণঅভ্যুত্থানে বিপুল আত্মত্যাগের পরও দেশে শান্তি ও ন্যায্যতা প্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেন তিনি।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্রে উত্তরণ ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে মীর আরশাদুল হক বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি ও জোটের সরকার গঠনের বিকল্প নেই।’ তারেক রহমানের নেতৃত্বগুণ, ভিশন ও বিভিন্ন খাতে বাস্তবসম্মত পরিকল্পনা তাকে আকৃষ্ট করেছে বলেও উল্লেখ করেন তিনি।

সবশেষে তরুণদের উদ্দেশে তিনি আহ্বান জানান, পপুলিজম বা হুজুগে প্রভাবিত না হয়ে দেশের ভবিষ্যৎ ও জনকল্যাণের কথা বিবেচনা করে তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে সমর্থন দেয়ার।

গত ২৫ ডিসেম্বর ফেসবুকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন মীর আরশাদুল হক। তিনি এনসিপির নির্বাহী কাউন্সিলের সদস্য ও দলটির মিডিয়া সেল ও শৃঙ্খলা কমিটির সদস্য হিসেবে দায়িত্বে ছিলেন। এছাড়াও দলটির পরিবেশ সেলের প্রধান ও চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারী ছিলেন। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–১৬ বাঁশখালী আসনে দলটির মনোনয়নও পেয়েছিলেন।

ওইদিন ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাসে পদত্যাগের ঘোষণা দেওয়ার পাশাপাশি দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়েছিলেন মীর আরশাদুল হক।

এমএইচএফ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।