দক্ষিণ পূর্ব

ওমরাহ শেষে ফেরা হলো না মায়ের, মরদেহ ওমানে রেখে ফিরলেন ছেলে

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬
পঠিত : ৪৩
ওমরাহ শেষে ফেরা হলো না মায়ের, মরদেহ ওমানে রেখে ফিরলেন ছেলে

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর

ওমরাহ পালন শেষে দেশে ফেরার পথে বিমানেই অসুস্থ হয়ে মারা গেছেন চট্টগ্রামের সাতকানিয়ার ছানোয়ারা বেগম (৫৫)। জরুরি অবতরণের পর ওমানের মাসকট বিমানবন্দরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে দেশটির আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় মায়ের মরদেহ ওমানে রেখেই একা দেশে ফিরতে হয়েছে ছেলে এরশাদকে।


বুধবার (২৬ আগস্ট) দুপুর ২টা ৪৬ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৬ ফ্লাইটটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।


এর আগে মঙ্গলবার রাতে সৌদি আরবের জেদ্দা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায় ফ্লাইটটি। মাঝপথে ছানোয়ারা বেগম অসুস্থ হয়ে পড়লে জরুরি অবতরণের জন্য বিমানটি ওমানের মাসকটে ডাইভার্ট করা হয়।


মাসকট বিমানবন্দরে অবতরণের পর চিকিৎসকেরা তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ বিমান থেকে নামাতে রয়্যাল ওমান পুলিশের অনুমতির প্রয়োজন হয়। আনুষ্ঠানিকতা শেষে অনুমতি মিললে মরদেহ বিমান থেকে নামিয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করা হয়। এরপর ফ্লাইটটি যাত্রীদের নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়।


ছানোয়ারা বেগম সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের পূর্ব বিল্লিয়ার পাড়ার বাসিন্দা। গত ২৫ জুলাই ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান তিনি। সেখানে অবস্থানকালে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসাও নেন। তিনি আগে থেকেই ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন।


স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান জানান, সৌদি আরবে যাওয়ার পর ছানোয়ারা বেগম অসুস্থ হয়ে পড়েন। পরে দেশে ফেরার পথে বিমানে তার মৃত্যু হয়। ওমানের আইনি প্রক্রিয়ার কারণে ছেলে এরশাদকে মায়ের মরদেহ সেখানেই রেখে দেশে ফিরতে হয়েছে।


শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল বলেন, বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে ছানোয়ারা বেগমের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

আরএইচ/ দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।