দক্ষিণ পূর্ব

কওমি ঘরানার ইসলামি দলগুলোর ঐক্য চায় হেফাজত ,বৈঠক বৃহস্পতিবার

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬
পঠিত :
কওমি ঘরানার ইসলামি দলগুলোর ঐক্য চায় হেফাজত ,বৈঠক বৃহস্পতিবার

ছবি

ঈমান-আকিদা সংরক্ষণ এবং দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে কওমি ঘরানার ইসলামি রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যবদ্ধ পথচলার উদ্যোগ নিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এ লক্ষ্যে বৃহস্পতিবার (১৬ জুলাই) চট্টগ্রামের ঐতিহ্যবাহী বাবুনগর মাদরাসায় কওমি ধারার ইসলামি দলগুলোর শীর্ষ নেতাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করেছে সংগঠনটি।

 

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় বাবুনগর মাদরাসায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় কওমি ঘরানার সব ইসলামি রাজনৈতিক দলকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

 

তিনি বলেন, ঈমান-আকিদা রক্ষা এবং দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ইসলামি দলগুলোর মধ্যে ঐক্যের কোনো বিকল্প নেই। সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আলোচনাকে ফলপ্রসূ করতে প্রতিটি দলকে তাদের সভাপতিসহ তিনজন করে প্রতিনিধি পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

 

হেফাজতের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, সংগঠনের সিনিয়র নায়েবে আমির এবং আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা খলিল আহমদ কাসেমী এবং মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান যৌথভাবে সংশ্লিষ্ট ইসলামি দলগুলোর নেতাদের সভায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

 

হেফাজত আমিরের খাদেম মাওলানা আব্দুল খালেক জানান, সভায় সাতটি ইসলামি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। দলগুলো হলো— ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট এবং নেজামে ইসলাম পার্টি।

 

হেফাজত সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে ইসলামি দলগুলোর মধ্যে বৃহত্তর রাজনৈতিক সমন্বয়, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তাদের করণীয় এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে থাকা কওমি ঘরানার চারটি দলকে জোট থেকে বেরিয়ে আসার বিষয়ে হেফাজতের আগের অবস্থানও আলোচনায় গুরুত্ব পেতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট দলগুলোর প্রতি আবারও আহ্বান জানানো হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

 

খোঁজ নিয়ে জানা গেছে, হেফাজতের এই উদ্যোগে ইতোমধ্যে আমন্ত্রিত দলগুলো ইতিবাচক সাড়া দিয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব শেখ ফজলে বারী মাসউদ এবং মুফতি রেজাউল কারীম আবরার বৈঠকে অংশ নেবেন।

 

অন্যদিকে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে দলের আমির মাওলানা মামুনুল হক, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন এবং মাওলানা ফয়সাল আহমদ সভায় যোগ দেবেন। এছাড়া আমন্ত্রিত বাকি পাঁচটি ইসলামি দলেরও শীর্ষ পর্যায়ের একাধিক নেতা এই আলোচনা সভায় অংশ নেবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।