দক্ষিণ পূর্ব

কওমি-সুন্নী ঈমান আকিদায় বিরোধ নেই,জামায়াত ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : বাবুনগরী

sathi
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫
পঠিত :
কওমি-সুন্নী ঈমান আকিদায় বিরোধ নেই,জামায়াত ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : বাবুনগরী
দক্ষিণপূর্ব ডেস্ক 
 হেফাজতে ইসলামের আমির মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন ‘কওমি-সুন্নি বিরোধ নেই, সবার ঈমান আকিদা এক। কওমি ও সুন্নিদের মাঝে সুসম্পর্কের সেতুবন্ধন রচনা হলে বাতিলপন্থীরা আর কোথাও জায়গা পাবে না। এখন বাতিলপন্থী  জামায়াতকে ঠেকাতে দু'পক্ষকে ঐক্যবদ্ধ হতে হবে। 

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে ফটিকছড়ির  বাবুনগর মাদরাসায় দৈনিক ইনকিলাবের সম্পাদক ও জামিয়াতুল মোদার্রেছীনের সভাপতি এম এম বাহাউদ্দীন তার ( বাবুনগরী) সাথে দেখা করতে গেলে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেছীনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

মাওলানা মহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, ‘ইসলামের হেফাজতের জন্যই হেফাজতে ইসলামের জন্ম। ঈমান আকিদা রক্ষায় কওমি-সুন্নিসহ সব মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা দেখছি, কওমি ও সুন্নিদের মধ্যে কিছু শাখা-প্রশাখা নিয়ে ছোটখাট মতপার্থক্য থাকলেও ঈমান-আকিদার প্রশ্নে সবারই একই মত ও পথ। কাজেই বাতিল ফিতনার বিরুদ্ধে হকপন্থীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’

বিএনপি ইসলাম ও মুসলমানদের পক্ষে থাকবে এমন আশাবাদ ব্যক্ত করে হেফাজত আমির বলেন, ‘বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনেক আগেই আশ্বস্ত করেছিলেন যে, বিএনপি দেশ পরিচলানার দায়িত্ব পেলে কোরআন-সুন্নাহ ও শরিয়াহ-বিরোধী কোনো আইন প্রণয়ন করবে না। ইসলাম ও মুসলমানের পক্ষেই বিএনপি বলিষ্ঠ অবস্থান বজায় রাখবে বলে আমরা আশা করি।’

এদিকে ঈমান, আকিদা ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় হেফাজত আমিরের আপসহীন অভিভাবকসুলভ ভূমিকার প্রশংসা করে ইনকিলাব সম্পাদক বলেন, ‘দেশের ধর্মপ্রাণ মানুষ আপনার সঙ্গে আছে। আলীয়া ও কওমির মধ্যে কোনো বিরোধ নেই। দেশের জনগণের স্বার্থরক্ষায় মুসলমানরা ঐক্যবদ্ধ থাকতে হবে।’

এ সময়  অন্যদের মধ্যে জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব শাব্বীর আহমদ মোমতাজী, যুগ্ম মহাসচিব এসরারুল হক, মোবাশ্বের হোসেন নাঈম, চট্টগ্রাম অঞ্চল সমন্বয়ক সৈয়দ মোহাম্মদ আবু ছালেহ, মহিউল হক, রিদুয়ানুল হক হাক্কানী উপস্থিত ছিলেন।


মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।