কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকায় কালভার্ট নির্মাণকাজ চলাকালে পাহাড়ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা মোহাম্মদ রাকিব ও মোহাম্মদ ইলিয়াস। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, দরিয়ানগর থেকে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) কক্সবাজার ক্যাম্পাস সড়কে একটি কালভার্ট নির্মাণকাজ চলছিল। দুপুর সাড়ে ১২টার দিকে কয়েকজন শ্রমিক কাজ করার সময় হঠাৎ পাশের পাহাড়ের একটি অংশ ধসে পড়ে। এতে শ্রমিকরা মাটিচাপা পড়েন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও সহকর্মীরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শ্রমিককে মৃত ঘোষণা করেন।
নির্মাণকাজের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান লাকি এন্টারপ্রাইজের প্রতিনিধি আবদুর রহিম মজুমদার জানান, শ্রমিকরা নির্ধারিত নিরাপত্তা ব্যবস্থা মেনেই কাজ করছিলেন। তবে আকস্মিক পাহাড়ধসের কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ও আহত শ্রমিকরা প্রায় এক মাস ধরে প্রকল্পটিতে কর্মরত ছিলেন।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুবক্তগীন মোহাম্মদ সোহেল বলেন, গুরুতর আহত অবস্থায় তিন শ্রমিককে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুজনকে হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত অবস্থায় পাওয়া যায়।
কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রায় জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।